তারে-বেতারে বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যান্ডফোনের সংযোগ পেতে একসময় কাঠখড় কম পোড়ায়নি নগরবাসী। টেলিটকের সিম কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তির কথাও ভোলেনি অনেকে। কিন্তু একসময়ের পরম আরাধ্য এই দুই টেলিযোগাযোগসেবার মানে এখন কি সন্তুষ্ট নগরবাসী? তাদের অভিযোগ, গতি আর শক্তিশালী নেটওয়ার্কে এখনো যুগের সঙ্গে তাল মেলাতে পারছে না বিটিসিএল আর টেলিটক। সেবার মান বাড়াতে প্রতিষ্ঠান দুটি কোনো ব্যবস্থা নিচ্ছে কি না, তা জানাচ্ছেন মিল্লাত হোসেনবিটিসিএল-সেবার জাল কেমনমেগাসিটি ঢাকায় মানুষ বাড়ছে, গড়ে উঠছে নিত্যনতুন এলাকা। কিন্তু এসব বাড়াবাড়ির সঙ্গে ঠিক পাল্লা দিতে পারছে না বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। তার জলজ্যান্ত নমুনা হচ্ছে খিলক্ষেত নামাপাড়ার লেকসিটি কনকর্ড। এখানে পাঁচ বছর আগে জনবসতি শুরু হলেও এখন পর্যন্ত বিটিসিএলের এক্সচেঞ্জ (অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট—ওএনইউ) বসেনি। এ প্রসঙ্গে লেকসিটি কনকর্ড অ্যাপার্টমেন্ট মালিক কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি আমিনুল হক জানান, তাঁদের এখানে শত শত পরিবার বাস করলেও মাত্র ৫০টি পরিবার বিটিসিএলের ল্যান্ডফোন ব্যবহার করছে। অনেকে ল্যান্ডফোন লাইনের জন্য আবেদন করেছে। কিন্তু এক্সচেঞ্জ না থাকায় বিটিসিএল তাদের লাইন দিচ্ছে না। যারা এখন ল্যান্ডফোন ব্যবহার করছে, তারাও খুব একটা স্বস্তিতে নেই। কয়েক কিলোমিটার দূরের উত্তরার এক্সচেঞ্জ থেকে লাইন আনার কারণে লেকসিটিতে ব্যবহূত টেলিফোন ভালো সেবা দিচ্ছে না। এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘ল্যান্ডফোনে খরচ অনেক কম। আবার সহজেই স্পষ্ট কথা শোনা যায়। কিন্তু আমাদের টেলিফোনে কথা বলার সময় মনে হয় ঝড়-বৃষ্টি-তুফান হচ্ছে। সব সময় শোঁ-শোঁ আওয়াজ হয়।’ এক্সচেঞ্জ না থাকায় একই রকম সমস্যায় আছে রায়েরবাজার শিকদার মেডিকেল কলেজ, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, উত্তরার ফায়দাবাদ, আশকোনা হাজি ক্যাম্প এলাকা, মিরপুর বেড়িবাঁধ এলাকার বিটিসিএলের গ্রাহকেরা। তবে এসব জায়গায় এখন আর নতুন গ্রাহক করছে না বিটিসিএল।বিটিসিএলের এক্সচেঞ্জ না বাড়ানোয় শুধু নতুন এলাকা নয়, ঢাকার পুরোনো এলাকার ল্যান্ডফোনের গ্রাহকেরাও ভোগান্তিতে আছে। কেননা, এক্সচেঞ্জ দূরে থাকায় বাসায় টেলিযোগাযোগ কিংবা ইন্টারনেটসেবায় গোলযোগ সৃষ্টি হচ্ছে। এ প্রসঙ্গে পুরান ঢাকার রোকনপুরের বাসিন্দা ফারুখ আহমেদ বলেন, ‘খরচে অনেক সাশ্রয়ী হলেও বিটিসিএলের ইন্টারনেটের গতি অনেক কম। পিক-আওয়ারে লাইন পাওয়া যায় না। মাঝেমধ্যে সারা রাতই লাইন পাওয়া যায় না।’গ্রাহকদের এসব সমস্যার কথা জানেন বিটিসিএলের কর্মকর্তারাও। এ প্রসঙ্গে একাধিক কর্মকর্তা জানান, বিটিসিএলের এক্সচেঞ্জগুলো থেকে তামার তার দিয়ে বর্তমানে ৮-১০ কিলোমিটার দূরেও লাইন নেওয়া হচ্ছে। এ জন্য অনেক জায়গায় টেলিফোনে স্পষ্ট কথা শোনা যায় না। আবার তামার তারের দৈর্ঘ্য বেড়ে গেলে ইন্টারনেটের গতিও কমে যায়। বিটিসিএলের সেবায় গতি বাড়াতে এখন তামার তারের বদলে অপটিক্যাল ফাইবারের ব্যবহার বাড়ানো হচ্ছে। এ জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার আওতায় ঢাকার প্রায় ৪০টি এলাকায় নতুন এক্সচেঞ্জ বসানো হবে। এর মধ্যে নতুন এলাকা যেমন আছে, তেমনি আছে পুরোনো এলাকা। এখনকার এক্সচেঞ্জগুলোয় ১০ হাজার থেকে এক লাখ পর্যন্ত লাইন আছে। কিন্তু নতুন এক্সচেঞ্জগুলোয় লাইন থাকবে ৮০০, এক হাজার ৬০০ কিংবা দুই হাজার ৪০০। এই এক্সচেঞ্জগুলো থেকে গ্রাহকের বাসার দূরত্ব কমানো হবে। অপটিক্যাল ফাইবারনির্ভর এই এক্সচেঞ্জগুলো থেকে একই সঙ্গে টেলিফোন, ইন্টারনেট ও কেব্ল টিভির নেটওয়ার্ক-সেবা পাওয়া যাবে। নতুন এক্সচেঞ্জ বসানোর প্রকল্প বাস্তবায়িত হবে কবে, জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক আফসার আলম বলেন, এর টেন্ডার হয়ে গেছে। এখন মূল্যায়ন পর্ব চলছে। ছয় মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়ন শুরু হবে। এক বছরের মধ্যে বিটিসিএলের সেবার গতি অনেক বেড়ে যাবে বলে গ্রাহকদের আশ্বস্ত করেন তিনি।টেলিটক কতটুকু আমাদের?‘আমাদের ফোন’ স্লোগান নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে টেলিটক বাংলাদেশ লিমিটেড। রাষ্ট্রীয় মালিকানার এই মোবাইল ফোন অপারেটরের গ্রাহক হতে শুরুতেই হুমড়ি খেয়ে পড়েছিল ঢাকাবাসী। তখন রাত জেগে সারিতে দাঁড়িয়ে থেকে টেলিটকের সিম সংগ্রহ করেছে অনেকেই। একদিকে বিল কম, আরেক দিকে ‘দেশের টাকা দেশেই থাকবে’—এই আবেগে অনেকে টেলিটকের গ্রাহক হয়েছে। পাঁচ বছর পেরোনোর পর ঢাকায় এখন টেলিটকের গ্রাহকসংখ্যা প্রায় তিন লাখ। খোদ টেলিটকের কর্মকর্তাদের সহজ স্বীকারোক্তি, গ্রাহকবৃদ্ধির এই হার সন্তোষজনক নয়। সব সুবিধা থাকলেও কেবল নেটওয়ার্কের দুর্বলতার কারণেই এমনটি হচ্ছে। নিয়মিত বিনিয়োগের অভাবে নেটওয়ার্ক শক্তিশালী করতে পারছে না টেলিটক। তবে বড় ধরনের বিনিয়োগে একটি প্রকল্প বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়ার মধ্যে আছে বলে তাঁরা জানান।আপাতত নেটওয়ার্ক দুর্বল থাকায় ভোগান্তির মধ্যেই আছে ঢাকার টেলিটক গ্রাহকেরা। তাই অনেকেই টেলিটকের সিম ব্যবহার থেকে বিরত থাকছে। অর্থ সাশ্রয় হয় বলে এবং স্বদেশি পণ্যের প্রতি টান থেকে অনেকে এখনো টেলিটকের সিম চালু রেখেছে। এমনই একজন উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসিন্দা সোহেল আহমেদ। টেলিটক নিয়ে তাঁরও আছে অভিযোগ। তাঁর ভাষ্য, ‘নেটওয়ার্ক দুর্বল থাকায় প্রায়ই ফোন করা যায় না। অনেক সময় আমি কথা বুঝলেও যার সঙ্গে কথা বলি তিনি কথা বোঝেন না, আবার তিনি কথা বুঝলে আমি কিছু বুঝি না। মেসেজ আদান-প্রদানেও সমস্যা হয়। অনেক সময় মেসেজ আসে না, আবার অনেক সময় একই মেসেজ বারবার আসতে থাকে।’ একই মেসেজ ৭০ বার আসার ঘটনা জানালেন আরেক গ্রাহক।নগরে এলাকা ভেদে টেলিটকের নেটওয়ার্ক ওঠা-নামা করে। এ প্রসঙ্গে মিরপুরের বাসিন্দা মশিউর রহমান জানান, ফার্মগেট থেকে বাসে মিরপুর ১১ নম্বর যাওয়ার পথে দেখা যায়, শেরেবাংলা নগরের দিকে নেটওয়ার্ক খুবই কম, আগারগাঁও, তালতলায় নেটওয়ার্ক থাকে। শেওড়াপাড়া, কাজীপাড়ার দিকে আবার নেটওয়ার্ক ক্ষীণ হয়ে যায়। তারপর আবার ঠিক থাকে। কিন্তু মিরপুর ৬ নম্বর সেকশনের কোনো রাস্তায় নেটওয়ার্ক ভালো, আবার কোনো রাস্তায় থাকে না বললেই চলে।এদিকে কারওয়ান বাজারের চাকরিজীবী মনজুর তালুকদার বলেন, তাঁদের অফিসের কোনো কক্ষে নেটওয়ার্ক পাওয়া যায়, কোনো কক্ষে পাওয়া যায় না। কোনো কোনো গ্রাহকের অভিযোগ, ঢাকার চারপাশে থাকা চার নদী পার হলেই অনেক এলাকায় টেলিটকের নেটওয়ার্ক উধাও হয়ে যায়।এ বিষয়ে টেলিটকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকায় এখন টেলিটকের টাওয়ার (বেস্ট ট্রান্সরিসিভার স্টেশন—বিটিএস) আছে প্রায় ১৭১টি, যা দিয়ে ঢাকার সব এলাকা টেলিটকের নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়নি। বিশেষ করে ঢাকার উত্তরাঞ্চলে প্রয়োজনের তুলনায় টাওয়ার অনেক কম। তবে এরই মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় ৬৫টি টাওয়ার তৈরি হয়েছে। কিন্তু সরকার নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ রাখায় বিদ্যুতের অভাবে সেগুলো চালু করা যাচ্ছে না। টেলিটকের নিজস্ব অর্থায়নে ডিসেম্বরের মধ্যে ঢাকায় আরও ৪০০টি টাওয়ার বসানো হবে। এগুলো বসানোর ক্ষেত্রে প্রাধান্য পাবে উত্তরা, আশুলিয়া, টঙ্গীসহ প্রভৃতি এলাকা। এ ছাড়া টেলিটকের নেটওয়ার্ক উন্নয়ন করতে এবং আধুনিক ইন্টারনেটসেবা দিতে চীনের অর্থায়নে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চলতি অর্থবছরেই প্রকল্পটির বাস্তবায়ন শুরু হবে। এর কাজ শেষ হলে টেলিটকের নেটওয়ার্ক-সমস্যা কেটে যাবে।টেলিটকের নিয়মিত-অনিয়মিত গ্রাহক এবং গ্রাহক হতে আগ্রহী ব্যক্তিদের জন্য আশাজাগানিয়া খবর শোনালেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (সিস্টেম ইঞ্জিনিয়ারিং) শাহ আলম। তাঁর ভাষ্য, ‘২০১১ সালের জানুয়ারি মাস থেকে ঢাকায় টেলিটকের নেটওয়ার্ক-সমস্যা আর থাকবে না। তখন টেলিটকের সিম দিয়ে যেকোনো এলাকা থেকেই কথা বলা যাবে।’