তারেক আমাদের রাজনীতির ভবিষ্যৎ: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারে পতন ঘটিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আগামী ৪৮তম জন্মদিন যেন আমরা তারেক রহমানকে সঙ্গে নিয়েই করতে পারি।’ এ জন্য খালেদা জিয়া যে কর্মসূচি দেবেন, তা শতভাগ সফল করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।আজ রোববার বেলা ১১টায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপির আয়োজিত তারেক রহমানের ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দেশের মানুষের স্বার্থ বিকিয়ে দিয়েছে। দেশের অর্থনীতি ধ্বংস করেছে। শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পথে বসিয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বিদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে আসা হয়েছে। এ দেশের জনগণ তাদের সঙ্গে নেই। বিরোধী দল ও নেতাদের নির্মূল করতে সরকারি দল কাজ করছে। আগামী নির্বাচনে তাদের ভরাডুবি হবে জেনেই সরকার সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পাঁয়তারা করছে। এই নির্বাচন কোনোভাবে করতে দেওয়া হবে না।মির্জা ফখরুল আরও বলেন, ‘তারেক রহমান এখন নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি আমাদের রাজনীতির ভবিষ্যৎ। তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশের বাইরে রয়েছে তা নয়, যারা বাংলাদেশের উন্নতি চায় না, পরনির্ভরশীলতা চায়, নতজানু রাষ্ট্র চায়, তারাই গভীর ষড়যন্ত্র করে তারেক রহমানকে দূরে সরিয়ে রেখেছে।জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ, বগুড়া-৩ আসনের সাংসদ আবদুল মোমেন তালুকদার, বগুড়া-৪ আসনের সাংসদ মোস্তফা আলী, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার, বগুড়া পৌরসভার মেয়র মাহবুবর রহমান প্রমুখ।