সরকার বিএনপির চেয়ারপারসনের দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে দেশে ফিরিয়ে এনে প্রহসনের বিচার করে সাজা দিতে চায়। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গতকাল শনিবার বিকেলে ঢাকার মুক্তাঙ্গনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এ অভিযোগ করে বলেন, দেশের জনগণ ও বিএনপি এটা মেনে নেবে না।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, দ্রব্যমূল্য বৃদ্ধি ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিলের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে সমাবেশ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে আছে ২০ অক্টোবর সব মহানগরে, ২৪ অক্টোবর জেলা পর্যায়ে এবং ২৭ অক্টোবর উপজেলা ও থানা পর্যায়ে বিক্ষোভ প্রদর্শন।মহাসচিবের বক্তব্যের পর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মুক্তাঙ্গন থেকে কাকরাইল হয়ে মগবাজারে গিয়ে সমাবেশ শেষ হয়। খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, কোকোর প্যারোল বাতিল, নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান হত্যা ও সিরাজগঞ্জে রেলে কাটা পড়ে দলীয় সমাবেশে আসা ছয় ব্যক্তির মৃত্যুর ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলের আগে বিএনপির মহাসচিব বলেন, ‘তারা তাদের দলের খুনিদের ছেড়ে দিয়েছে। আর আমাদের দলের নির্দোষ লোকদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। তারা জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করার চক্রান্ত করছে। এই অবস্থায় জনগণ চুপচাপ বসে থাকতে পারে না। কাজেই আমাদের কর্মসূচি দেওয়া ছাড়া বিকল্প নেই।’খোন্দকার দেলোয়ার আরও বলেন, ‘সরকার দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা একের পর এক কর্মসূচি দেব। যতক্ষণ পর্যন্ত না তারা দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করে, গণতন্ত্রের পথে ফিরে না আসে, যতক্ষণ না স্বৈরাচারী, অগণতান্ত্রিক সরকারের পতন না হয়, ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে।’ বিএনপির মহাসচিব বলেন, দেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ছে, আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, প্রতিদিন গড়ে ১০ জন করে খুন হচ্ছে। বিচার বিভাগ, পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করে সরকার অন্যায়ভাবে দেশ চালাচ্ছে। দেশি-বিদেশি প্রভুদের খুশি করতে সরকার বিনা টেন্ডারে বিদ্যুতের কাজ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সম্প্রতি রাজধানীতে বিএনপির যত কর্মসূচি হয়েছে, গতকালের কর্মসূচিতে তার তুলনায় উল্লেখযোগ্যসংখ্যক নেতা-কর্মী অংশ নিয়েছেন জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন নেতারা।