তারেক ও কোকোর বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১০ জনের বিরুদ্ধে ৪৫ কোটি ৫৯ লাখ টাকা ঋণখেলাপির অভিযোগে মামলা করেছে সোনালী ব্যাংক। ঢাকার অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. রবি-উজ জামান মামলাটি গ্রহণ করেন। গতকাল মঙ্গলবার মামলা করা হলেও কোর্ট ফি দাখিল করা হয়নি। আদালত ২২ অক্টোবর কোর্ট ফি দাখিলের আদেশ দিয়েছেন। গতকাল আদালতে সোনালী ব্যাংক স্থানীয় শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। তারেক ও কোকো ছাড়াও মামলায় ড্যান্ডি ডাইং প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটির পরিচালক সাঈদ এস্কান্দারের ছেলে শামস ও শাফীন এস্কান্দার, মেয়ে সুমাইয়া, সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুন ও মামুনের স্ত্রী শাহিনা এবং অন্য দুই পরিচালক মোজাফফর আহমেদ ও কাজী গালিব আবদুস সাত্তারকে বিবাদী করা হয়েছে।মামলার আরজিতে বলা হয়, ১৯৯২ সালে তিন কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে ড্যান্ডি ডাইং। ১৯৯৩ সালে সোনালী ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। প্রথম থেকেই প্রতিষ্ঠানটি খেলাপি হয়ে পড়ে। ১৯৯৫ সালে ড্যান্ডি ডাইং প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমেও শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে। আরজিতে বলা হয়, ড্যান্ডি ডাইং ঋণ নেওয়ার পর কিস্তি খেলাপি হওয়ায় বকেয়া ঋণের পরিমাণ ২০০১ সালে ২০ কোটি টাকা ছাড়িয়ে যায়। ওই বছর বিবাদী প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর প্রতিষ্ঠানটির বকেয়া ঋণের সমুদয় সুদ মওকুফ এবং ঋণ পুনঃ তফসিলের মাধ্যমে নতুন কিস্তি নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু এর পরও কিস্তি পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। এতে ১২ কোটি ১৬ লাখ টাকার সুদ মওকুফ-সুবিধা বাতিল হয়ে যায়। ২০১০ সালের ৩১ ডিসেম্বর সুদসহ মোট বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ কোটি ৬৬ লাখ টাকা।মামলার আরজিতে আরও বলা হয়, সোনালী ব্যাংক থেকে বিবাদী প্রতিষ্ঠানকে কিস্তি পরিশোধের জন্য বারবার তাগাদা দিয়েও সাড়া পাওয়া যায়নি। ব্যাংক থেকে একাধিকবার ঋণ পরিশোধের জন্য বিবাদীদের নোটিশ দেওয়া হয়। কিন্তু বিবাদী প্রতিষ্ঠান ঋণ পরিশোধে কোনো উদ্যোগ নেয়নি। তাই ঋণের টাকা আদায়ের জন্য আদালতে এ মামলা করা হয়েছে। উল্লেখ্য, সময়মতো বার্ষিক সাধারণ সভা না করা, বার্ষিক প্রতিবেদন জমা না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সর্বশেষ ২০০৯ সালের নভেম্বরে ড্যান্ডি ডাইংয়ের চেয়ারম্যান ও পরিচালকদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) সাঈদ এস্কান্দার মারা যাওয়ায় তাঁকে মামলায় বিবাদী করা হয়নি।