বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একই সঙ্গে তারেক রহমান হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন দুর্নীতির মামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ ১৫টি মামলা রয়েছে। ২১ আগস্ট ছাড়া অন্য মামলাগুলোর কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত আছে। গ্রেনেড হামলা মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।গতকাল সোমবার তারেক রহমান ও মামুনের পক্ষে সময়ের আবেদন করা হলে ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন তা নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। ১১ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।এর আগে সিঙ্গাপুরে ২০ কোটি টাকার বেশি অর্থের অবৈধ লেনদেনের দায়ে গত ২৩ জুন তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে পলাতক দেখিয়ে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেন একই আদালত। কোকোকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা জরিমানাও করা হয়।গতকাল তারেক রহমানের উপস্থিতি ও অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য দিন ধার্য ছিল। বেলা সাড়ে ১১টার দিকে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়। তারেক রহমান ও মামুনের আইনজীবীরা পৃথকভাবে সময়ের আবেদন করেন।মামুনের আইনজীবী ফখরুল ইসলাম সময় চেয়ে আদালতকে বলেন, গত ৫ মে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক অভিযোগপত্র আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৩-এ পাঠিয়ে দেন। ওই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১-এ ধারায় আবেদন করা হয়েছে। তা শুনানির অপেক্ষায় আছে। আইনজীবী আরও বলেন, যেহেতু আইনগত বিষয় নিয়ে রিট আবেদন করা হয়েছে, তাই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখা প্রয়োজন। তা না হলে আইনগত জটিলতা দেখা দেবে।পরে তারেক রহমানের পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন আদালতকে বলেন, এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন করা হলে তা খারিজ করে দেন আপিল বিভাগ। ওই খারিজ আদেশের অনুলিপি তাঁরা হাতে পাননি। তাই সময় প্রয়োজন।আইনজীবীরা জানান, আপিল বিভাগের আদেশ ও সরকারের নির্বাহী আদেশে তারেক রহমান বিদেশে চিকি ৎ সাধীন আছেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান আইনজীবী আনিসুল হক আদালতকে বলেন, আপিল বিভাগ আদেশে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, মামলাটি ২০০৯ সালের আইনে হবে না। তবে ২০০২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে চলতে বাধা নেই। তিনি আরও বলেন, অভিযোগপত্র আমলে নেওয়ার আদেশের বিরুদ্ধে তারেক রহমানের পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। কিন্তু তা প্রত্যাহার করে নেওয়া হয়। একই বিষয়ে আসামি মামুনের পক্ষেও আবেদন করা হয়েছে। তা শুনানির অপেক্ষায় আছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু আসামিপক্ষ উচ্চ আদালতের কোনো আদেশ দেখাতে পারেনি। তাই আসামিদের বিরুদ্ধে এ মামলায় বিচার শুরু হতে বাধা নেই।মামুনের আইনজীবী ফখরুল ইসলাম বলেন, উচ্চ আদালতে কোনো আইনগত বিষয়ে আবেদন করা হলে তা নিষ্পত্তির আগে কোনো আদেশ দেওয়া যায় না।আনিসুল হক জবাবে বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার ক্ষেত্রে এ ধরনের কোনো আইনি বাধা নেই।দুদকের অপর আইনজীবী মোশাররফ হোসেন বলেন, ‘আইনগত বিষয়ে প্রতিকার চাইতে উচ্চ আদালতে আবেদন করা হয়ে থাকে। কিন্তু আসামিপক্ষ কোনো আদেশ দেখাতে পারেনি। তাই অভিযোগ গঠন করা হোক। বিচার চলাকালে আসামিপক্ষ যদি কোনো আদেশ পায়, তবে দুদক তা মেনে নেবে এবং আদালতের কার্যক্রম সে আদেশ অনুসারে চলবে।’বিচারক উভয় পক্ষের শুনানি শেষে দুপুর সাড়ে ১২টায় আদেশ দেবেন বলে জানান। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা সংক্ষিপ্ত আদেশ দেওয়ার অনুরোধ করলে বিচারক বলেন, ‘আজকের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার জন্য রাষ্ট্র ও আসামি—উভয় পক্ষ আদেশের অনুলিপি চেয়ে আবেদন করবেন। তখন তা দিতে পারব না। আমি চাই না, নিম্ন আদালতের আদেশ নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি হোক। তাই পূর্ণাঙ্গ আদেশ প্রস্তুত করে আদেশ দেব।’দুপুর সাড়ে ১২টার দিকে বিচারক উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে তারেক ও মামুনের পক্ষে করা সময়ের আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন।আইনজীবী মোশাররফ আদালতে উপস্থিত আসামি মামুনকে অভিযোগ পড়ে শোনান। বলা হয়, ‘২০ কোটি ৪১ লাখ টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচারের অভিযোগে তারেক রহমান ও আপনার বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর দুদক এই মামলা করে। আপনার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২-এর ট অ আ ই ধারায় অভিযোগ গঠন করা হলো। আপনি দোষী, না নির্দোষ?’ এ সময় মামুন নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।জমির উদ্দিন সরকার ও রফিকুল ইসলাম মিয়া আদালতকে বলেন, তারেক রহমান পলাতক নন। তিনি উচ্চ আদালতে আদেশ ও সরকারের অনুমতি নিয়ে বিদেশে চিকি ৎ সাধীন। মামলার অভিযোগপত্রেও তদন্ত কর্মকর্তা তা উল্লেখ করেছেন। তারেকের চিকি ৎ সা-সংক্রান্ত সনদপত্র দিয়ে তাঁরা বলেন, তারেককে ২০১২ সাল পর্যন্ত বিশ্রামে থাকতে বলেছেন চিকি ৎ সক। এ কারণে আইনজীবীরা ২০১২ সাল পর্যন্ত সময় চান।এ সময় মোশাররফ হোসেন বলেন, অভিযোগ গঠন করা হয়েছে। এখন তারেক রহমান পলাতক। তাঁর পক্ষে কথা বলার সুযোগ নেই। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১১ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন।মামলা: ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থ পাচারের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে এ মামলা করা হয়। দুদক তদন্ত করে গত বছরের ২ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।অভিযোগপত্রে বলা হয়, খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ আদায় করেন। তারেক রহমান নিজেকে আড়াল করতে মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা সিঙ্গাপুরে পাচার করেন। তারেকের অবৈধভাবে অর্জিত অর্থই সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের হিসাবে রক্ষিত ছিল।