তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল সোমবার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহীম গত বছরের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মানি লন্ডারিং আইনে এ মামলা করেন (নম্বর-৮)। তাতে অভিযোগ করা হয়, তারেক রহমান ও মামুন ২০০৩ সাল থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেছেন। এজাহারে বলা হয়, টঙ্গীতে ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র (গ্যাস টারবাইন পাওয়ার প্লান্ট) স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ঢাকার নির্মাণ ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে মামুন সাত লাখ ৫০ হাজার মার্কিন ডলার (পাঁচ কোটি ১৭ লাখ টাকা) গ্রহণ করেন। সিঙ্গাপুরে বসে এ লেনদেন হয়। ২০০৩ সালের ১ আগস্ট সিঙ্গাপুরে সিটিব্যাংক এনএতে গিয়াসউদ্দিন আল মামুনের ব্যাংক হিসাবে এ অর্থ জমা হয়। এই হিসাবের বিপরীতে মামুনের নামে একটি ক্রেডিট কার্ড এবং তারেক রহমানের নামে একটি সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড ছিল। তারেক ও মামুন তাঁদের এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যথাক্রমে ৫৪ হাজার ৯৮০ মার্কিন ডলার ও ৭৯ হাজার ৫০২ মার্কিন ডলার খরচ করেন। ২০০৩ থেকে ২০০৭ সালে তাঁরা এ অর্থ ব্যবহার করেন।দুদকের অভিযোগপত্রে বলা হয়, সিঙ্গাপুরের সিটি ব্যাংক এনএ থেকে অবশিষ্ট অর্থ সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখায় মামুনের হিসাবে ফেরত আনা হয়। গত বছরের ৩১ জুলাই সে অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা করা হয়।প্রসঙ্গত, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২৭০ কোটি টাকা ব্যয়ে টঙ্গীর ওই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ পায় হারবিন পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে চীনের একটি প্রতিষ্ঠান। নির্মাণ ইন্টারন্যাশনাল হচ্ছে হারবিন পাওয়ারের এ দেশের এজেন্ট।২০০৭ সালের ১১ জানুয়ারি পটপরির্তনের পর ওই বছরের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন ও সরকারের বিশেষ অনুমতি নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এখনো তিনি সপরিবারে সেখানেই অবস্থান করছেন। আর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হওয়া মামুন বিভিন্ন মামলায় এখনো কারাগারে আছেন।