সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
তারেক-কোকোকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে অভিযোগ করেছে। আজ মঙ্গলবার দুপুরে সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ অভিযোগ করেন।খন্দকার মাহবুব হোসেন বলেন, বর্তমান সরকার নিম্ন আদালতকে প্রশাসনিক কর্তৃত্বে নেওয়ার চেষ্টা করছে। বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হলে দেশে গণতন্ত্রকে হত্যা করা হবে। তিনি মনে করেন, প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তাতে নিম্ন আদালতের বিচারকেরা প্রভাবান্বিত হবেন। তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হবেন। তিনি এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।এ সময় সমিতির সম্পাদক এম বদরুদ্দোজাসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা অর্থপাচার মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন বলে কয়েকটি সংবাদপত্রে খবর প্রকাশিত হয়।