তারেক-কোকোকে নিয়ে সংকটে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় চেয়ারপারসনের দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়ে রাজনৈতিক দল হিসেবে সংকটে আছে বিএনপি। তাঁদের মামলা ও মুক্তির বিষয়ে সরকারের কঠোর মনোভাব শুধু আইনগত, নাকি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না দলটি।বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, সরকার মরহুম জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক ও কোকোকে নিয়ে রাজনৈতিক চাল চালছে। এ অবস্থায় জাতীয় স্বার্থ পাশ কাটিয়ে কেবল জিয়া পরিবারের ইস্যু নিয়ে ধারাবাহিক কর্মসূচির দিকে গেলে সরকার জনগণকে বিভ্রান্ত করার সুযোগ পাবে। গত দেড় বছরে বিএনপির সব কর্মকাণ্ডের মূলে ছিল তারেক-কোকোর মামলা-মুক্তি, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির মতো পারিবারিক বিষয়। সর্বশেষ কোকোর প্যারোলে মুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে দেওয়া কর্মসূচিকে এখন ভুল পদক্ষেপ বলে মনে করছেন দলের কেউ কেউ।বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপিকে দায়ী করে প্রকাশ্যে বক্তব্য দেওয়া এবং ওই মামলায় তারেক রহমানকে আসামি করা হতে পারে এমন খবর প্রকাশিত হওয়ায় খালেদা জিয়া বিচলিত বোধ করছেন। এর মধ্যে গত মঙ্গলবার খালেদা জিয়ার ভাগনে এবং প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর একান্ত সহকারী সাইফুল ইসলাম ডিউককে ২১ আগস্ট হামলা মামলায় কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।একই সঙ্গে খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির নথি হাইকোর্টে তলব, পঞ্চম সংশোধনী বাতিলের রায় কার্যকর এবং কর্নেল তাহেরের গোপন বিচারের নথি হাইকোর্টে তলব করা হয়েছে। এতে জিয়াউর রহমানের শাসনামলের কর্মকাণ্ড আবার সামনে আসছে, যা খালেদা জিয়ার জন্য রাজনৈতিকভাবে বিব্রতকর। এ অবস্থায় তারেককে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত করতে দেশে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষায় ভাটা পড়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।দলের যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, সরকার জিয়া পরিবারকে ধ্বংস করতে ষড়যন্ত্র চালাচ্ছে। প্রধানমন্ত্রী ২১ আগস্ট মামলায় বিএনপির জড়িত থাকার কথা বলে তদন্তে প্রভাব সৃষ্টি করতে চাচ্ছেন। তিনি বলেন, তারেক এখন দেশে ফিরবেন না। তাঁকে আগে সুস্থ হতে হবে।তবে লন্ডনে তারেকের সঙ্গে দেখা করেছেন এমন একজন নেতা প্রথম আলোকে বলেন, তারেক রহমান এখন অনেকটা সুস্থ। তিনি সেখানে কয়েকটি দলীয় সভায়ও অংশ নিয়েছেন। বিএনপির সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে পড়ায় দলের তৃণমূল বৈঠকে তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে জোরালো দাবি তোলেন নেতারা।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের নিয়ে সরকারের আচরণ সম্পূর্ণ রাজনৈতিক। আইনগতভাবে যতটা করা যায়, বিএনপি তা করবে। তবে সরকারের এই কৌশলকে রাজনৈতিকভাবে মোকাবিলার কথাও ভাবা হচ্ছে। সময়মতো বিএনপি করণীয় নির্ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করবে বলে আশাবাদী তিনি।দলীয় সূত্র জানায়, পরিস্থিতি মোকাবিলা করতে খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতা ও আইনজ্ঞদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। এসব বৈঠকে জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার খুঁটিনাটি দিক সম্পর্কে আইনজীবীরা খালেদা জিয়াকে অবহিত করেন। পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলো কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়েও পরামর্শ চেয়েছেন তিনি।আলোচনায় অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দীন খোকন, সুুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া প্রমুখ।বৈঠক সূত্র জানায়, আলোচনায় আপাতত এই বিষয়গুলোতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার পক্ষে মত এসেছে এবং সেভাবে উদ্যোগও নেওয়া হচ্ছে। বৈঠকে রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। কেবল জিয়া পরিবারের ইস্যু নিয়ে আন্দোলনের কর্মসূচি নেওয়া হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কোনো কোনো নেতা।একজন আইনজীবী নেতা জানান, তিনি খালেদা জিয়াকে বলেছেন, কোকোর প্যারোলের মেয়াদ বাড়ানো না বাড়ানোর বিষয়টি একেবারেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। এ অবস্থায় আইনগত প্রক্রিয়ায় বাইরে গিয়ে কিছু করতে গেলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হওয়ার আশঙ্কা।আরেক নেতা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেককে জড়ানোর বিষয়ে যে খবর প্রকাশ পেয়েছে, তাকে সরকারের রাজনৈতিক কৌশল মনে করছেন খালেদা জিয়া। এই মামলায় তারেককে জড়ানোর সুযোগ নেই বলে তাঁর ধারণা।আইনজীবীদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রথম আলোকে বলেন, পুরো বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা। বিরোধী দলকে চাপে রাখার কৌশল। এসব ঘটনার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, আপাতত বিএনপি পুরো বিষয়টিকে আইনগতভাবে মোকাবিলা করবে।তবে মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, কেবল আইনগত মোকাবিলা যথেষ্ট নয়। বিষয়টি রাজনৈতিকভাবেও মোকাবিলা করা উচিত। তিনি বলেন, এই উপমহাদেশে রাজনীতি পরিবারকেন্দ্রিক। আওয়ামী লীগেও একই অবস্থা। তাই দলীয়প্রধানের পরিবারের বিরুদ্ধে কোনো কিছু হলে তা নিয়ে আন্দোলন করাই যায়।মাহবুব উদ্দীন প্রথম আলোকে বলেন, সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। তবে আপাতত দল নিয়মতান্ত্রিকভাবে সবকিছু করার পক্ষে। প্রয়োজন হলে অন্য কর্মপন্থা নির্ধারণ করা হবে।