তারেক-কোকোর বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্ত নিয়ে নজরুলের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সুষ্ঠু তদন্ত ও বিচার হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো নির্দোষ প্রমাণিত হবেন। তবে এ সরকারের আমলে তাঁদের বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার হবে কি না, তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, তারেক ও কোকোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণের চেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান সরকার উভয়ই করেছে। তবে কিছু বের করতে পারেনি। সুষ্ঠুভাবে তদন্ত ও বিচার হলে তাঁরা অবশ্যই নির্দোষ প্রমাণিত হবেন। তবে তদন্ত ও বিচার নিরপেক্ষ হবে বলে মনে হয় না। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।