তারেক জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোট সেনাবিদ্রোহ ঘটাতে চেয়েছে। আর জিয়াউর রহমানের লুটেরা পুত্র তারেক জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। সুশৃঙ্খল সেনাবাহিনীর ভেতর কিছু লোক বিভ্রান্তি ছড়িয়ে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছেন।আজ রোববার বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় শান্তি কলোনির মাঠে এক শ্রমিক সমাবেশে আবদুল লতিফ সিদ্দিকী এসব কথা বলেন।পাটমন্ত্রী বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে বলেন, ‘বিভ্রান্তি ছড়িয়ে, উসকানি দিয়ে লাভ হবে না। এটা ১৯৭৫ সাল নয়। অভ্যুত্থানের চেষ্টা করে লাভ নেই। সেই সুযোগ এখন আর নেই।’ তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময়ও সেনাবাহিনী সরাসরি ক্ষমতা নিতে পারেনি। পর্দার আড়ালে থেকে তারা শেখ হাসিনা, খালেদা জিয়াকে কারাগারে নিয়েছিল। কিন্তু জেলে আটকে রাখতে পারেনি।’পাটমন্ত্রী বলেন, ‘সেনাবাহিনীর কাজ দেশ শাসন নয়। তাদের কাজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা। সেনাবাহিনী আমাদের গৌরবের অংশ।’মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে যারা পাকিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করেছে, যারা দেশের মা-বোনের ইজ্জত লুট করেছে, সরকার তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। চট্টগ্রামের কুখ্যাত রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারের মুখোমুখি করেছে। এতে বিরোধী দলের মাথা খারাপ হয়ে গেছে।’মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শ্রমিকদের জন্য ২০১০ সালের ২ জুলাই মজুরি কমিশন গঠন করেছে। শ্রমিকদের সাড়ে ৪০০ কোটি টাকা বকেয়া মজুরি পরিশোধ করেছে।’চট্টগ্রাম-৭ আসনের সাংসদ মঈনউদ্দিন খান বাদলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।টেক্সটাইল ইনস্টিটিউটশ্রমিক সমাবেশের আগে আমিন জুট মিল এলাকায় টেক্সটাইল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ৪০ কোটি টাকা ব্যয়ে তিন একর জায়গার ওপর এটি নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনের সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদকালেই এ প্রতিষ্ঠানের নির্মাণকাজ শেষ হবে। এখানে ডিপ্লোমা ইন জুট ও ডিপ্লোমা ইন টেক্সটাইল নামের দুই বিষয়ে প্রতি বছর ১৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।