তারেক জিয়া বিনয়ী, নির্লোভ, যোগ্য উত্তরসূরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বিনয়ী, সদাচারী, নির্লোভ ও মিতব্যয়ী বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। তিনি বলেছেন, তারেক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। তাই তাঁকে তারেক রহমান নয়, তারেক জিয়া বলে ডাকি। ‘রাজনীতির অবস্থা, ভবিষ্যৎ নেতৃত্ব ও তারেক রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় এমাজউদ্দীন আহমদ এ কথা বলেন। আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এ আলোচনা সভার আয়োজন করে। বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, দেশে গণতন্ত্র নেই। দেশের মানুষের ভাগ্যোন্নয়নের নেতৃত্ব তারেক জিয়াকে দিতে হবে। তাই তাঁর জন্য দেশে ফিরে আসাই ভালো। এতে ক্ষমতাসীনদের নির্যাতনে চলার পথে হয়তো তাঁর রক্তাক্ত হবে। তা হোক। তিনি বলেন, এখন সংবিধানে যে প্রক্রিয়ায় বা যার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে সেভাবে নির্বাচন হতে পারে না। বিশ্বের কোথায় দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার নজির নেই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান কেবল একটি নাম নয়। একটি প্রতীক। এই প্রতীক হলো স্বাধীনতা, সার্বভৌম আর গণতন্ত্রের। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে প্রচুর অপপ্রচার হয়েছে। কিন্তু এর কোনোটিই প্রমাণ হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান বলেন, কেবল তারেক রহমানের বন্দনা বা স্তুতি করলে হবে না। তাঁর সমালোচনা করতে হবে। তিনি বলেন, ‘আমি একবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে তাঁকে কয়েকটি বই দিয়েছিলাম। বই নিয়ে তারেক রহমান আমাকে বলেছিলেন, সবাই আমাকে ফুল দেয়, আমার কাছে ভালো ভালো কথা বলে। এটা আমার পছন্দ নয়।’বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক শওকত মাহমুদ বলেন, তারেক একজন নিরপরাধ ব্যক্তি। তাঁর কোনো দোষ নেই। তাঁর ওপর নির্যাতনের কারণে একদিন বাংলাদেশকে ক্ষমা চাইতে হবে। এ দেশে তাঁকে ছাড়া গণতন্ত্র ও আইনের শাসন সম্ভব না। তিনি বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেন, ‘এই চোরদের নৈতিক সততা নেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার। এটা কেবল পারবে তারেক রহমান।’ তিনি বলেন, আগামী দিনের আন্দোলন হবে সাচ্চা আন্দোলন। এতে এক বিন্দু খাদ থাকবে না।আলোচনা সভার সভাপতি সুলতান সালাউদ্দিন বলেন, তারেক রহমানকে নিয়ে এ ধরনের আলোচনা দেশের প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ প্রমুখ বক্তব্য দেন।