তারেক জড়িত ছিল কি না, আদালতেই প্রমাণ হবে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান জড়িত ছিলেন না বলে বিএনপি যে দাবি করছে, আদালতে গিয়েই তা প্রমাণ করতে হবে। এটি প্রমাণ করতে পারলে আমরা খুশি হব। আর না পারলে সবাইকে আদালতের রায় মেনে নিতে হবে।’ আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেছেন। তিনি বলেন, সামরিক মস্তিষ্ক ছাড়া এ ধরনের অপারেশন সফল হতে পারে না। ‘শেখ হাসিনাকে হত্যা, জঙ্গি রাষ্ট্র বানানো ও দেশকে নেতৃত্বশূন্য করার চক্রান্ত’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।সুরঞ্জিত সেনগুপ্ত ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে বিএনপির বক্তব্যকে নজিরবিহীন বলে অভিহিত করেন। তিনি এর তীব্র নিন্দাও জানান।তিনি বলেন, আদালতের বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে ক্রিয়া-প্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগ নেই। এ চার্জশিট কোনো সরকার বা দল দেয়নি। আদালতের নির্দেশে দেওয়া হয়েছে। এটাকে রাজনৈতিক ইস্যু করা যাবে না। প্রচলিত আইনেই এর বিচারের কাজ চলছে। তারা আদালতে গিয়ে তাদের কথা বলতে পারে। রাজনীতির মাঠে নয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তারানা হালিম। তিনি গ্রেনেড হামলায় আহতদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের দাবি জানান।