তারেক জড়িত নয় বলে বিএনপির দাবি বিভ্রান্তিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িত থাকতে পারেন না বলে বিএনপির নেতারা যে দাবি করছেন, তা বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এসব কথা বলেছেন। গ্রেনেড হামলা সম্পর্কে তারেক রহমান, লুত্ফুজ্জামান বাবরসহ বিএনপি-জামায়াতের নেতাদের জড়িয়ে দেওয়া মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতারা এ দাবি করছেন।আইন প্রতিমন্ত্রী বিএনপির নেতা ও আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমান এই মামলায় জড়িত নন মনে করলে আপনাদের মক্কেলকে আদালতে হাজির করুন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আসুন। ভয় পাচ্ছেন কেন? তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই তাঁকে আসামি করা হয়েছে। তা ছাড়া শুধু মুফতি হান্নানই নয়, আরও অনেক আসামি তারেক রহমানকে জড়িয়ে জবানবন্দি দিয়েছেন। সুতরাং তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য সম্পূরক চার্জশিটে তাঁর নাম আনা হয়নি। তিনি মুফতি হান্নানের জবানবন্দি প্রত্যাহারের বিষয়ে বলেন, ১৪৪ ধারায় দেওয়া জবানবন্দি কোনোভাবেই প্রত্যাহারের সুযোগ নেই। তার পরও কেউ দরখাস্ত দিতে চাইলে তা জবানবন্দি দেওয়ার পর আদালতে প্রথম হাজিরার দিন দিতে হয়। তারপর মুফতি হান্নান বহুবার আদালতে হাজির হয়েছেন। কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ করেননি। তা ছাড়া যে দরখাস্তের কথা বলা হচ্ছে, তাতে স্বাক্ষর নেই। আর কারাবন্দী আসামির ক্ষেত্রে দরখাস্ত আসতে হয় জেল সুপারের মাধ্যমেই। কিন্তু ওই দরখাস্তে জেল সুপারেরও কোনো স্বাক্ষর নেই।