২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তারেক রহমানসহ বিএনপির নেতা-কর্মীদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি একেবারেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আক্রোশ। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, এ মামলার জন্য যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এ গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিএনপি কাল শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ জিয়া পরিবারকে ভয় পাচ্ছে। তারা জানে এ পরিবারকে ধ্বংস করতে পারলে জাতীয়তাবাদী শক্তিকে ঘায়েল করা যাবে। এর ফলে একদলীয় সরকারব্যবস্থার মাধ্যমে ক্ষমতায় নিজেদের চিরস্থায়ী করার পথটি সহজ হবে। আর সরকার যা চাইছে আদালত তা-ই করছে উল্লেখ করে ফখরুল এখানে বিরোধী দল কেন কারও পক্ষেই সুবিচার পাওয়া যাবে না বলে মন্তব্য করেন।তারেক রহমান দেশে ফিরবে কি না জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।