অর্থ পাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২৫ জুলাই অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। তাঁদের উপস্থিতিতে এ অভিযোগ গঠনের আদেশ দেন আদালত।আজ রোববার ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোজাম্মেল হোসেন এ তারিখ ধার্য করেন।আজ এ মামলায় অভিযোগ গঠন ও আসামির উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর তারেকের পক্ষে সময়ের আবেদন করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ খাতে কাজ পাইয়ে দেওয়ার জন্য তারেক ও মামুন ২০ কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেন। সে অর্থ বিদেশে পাচারের অভিযোগে এ মামলা করে দুদক। তারেকের পক্ষে সময়ের আবেদন করা হলে দুদকের আইনজীবী এর বিরোধিতা করে বলেন, তারেক রহমান এ মামলায় জামিনে নেই। অভিযোগ গঠন ও আসামির উপস্থিতির জন্য দিন ধার্য করা হোক। ধার্য দিনে তাঁরা উপস্থিত না থাকলে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান তিনি। এরপর আদালত ২৫ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেন।