তারেক-মামুনের পরবর্তী সাক্ষ্য ১৮ ও ১৯ অক্টোবর
বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম আদালতে তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য দেন।আজ রোববার ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন সাক্ষ্যগ্রহণ করেন। আসামি গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে তাঁর আইনজীবী ফখরুল ইসলাম সময় চেয়ে আবেদন করেন। আদালত আগামী ১৮ ও ১৯ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থ পাচারের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত করে গত বছরের ২ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তারেক বর্তমানে বিদেশে। মামুনকে গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়।অভিযোগপত্রে বলা হয়, খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ আদায় করেন। তারেক নিজেকে আড়াল করতে মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা সিঙ্গাপুরে পাচার করেন।অভিযোগপত্রে আরও বলা হয়, তারেক রহমানের অবৈধভাবে অর্জিত অর্থই সিঙ্গাপুরের সিটি ব্যাংকে আল মামুনের হিসাবে রক্ষিত ছিল।