তারেক-মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের শুনানি ১০ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের মামলায় অভিযোগপত্র গ্রহণ করা হবে কি না, এ বিষয়ে শুনানি হবে আগামী ১০ আগস্ট।আজ বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এ তারিখ ধার্য বরেন। গতকাল মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গত সোমবার সন্ধ্যায় এ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।গত বছরের ২৬ অক্টোবর দুদকের একজন সহকারী পরিচালক ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে অর্থপাচার আইনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন।মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা টঙ্গীতে ৮০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপনে দুর্নীতির মাধ্যমে নির্মাণ কনস্ট্রাকশনকে কাজ পাইয়ে দিয়েছিলেন। বিনিময়ে তারেক ও মামুন সাত লাখ ৭৫ হাজার ডলার গ্রহণ করেন। তবে বাংলাদেশে নয়, সিঙ্গাপুরে সিটি ব্যাংকে মামুনের ব্যাংক হিসাবের মাধ্যমে তাঁরা এ অর্থ নেন। ২০০৩ সালের ১ আগস্ট মামুনের ব্যাংকে এ অর্থ জমা হয়। পরে তারেক তাঁর গোল্ডেন ভিসা কার্ডের মাধ্যমে ৫৪ হাজার ৯৮০ ডলার ব্যবহার করেন। ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে তিনি এ অর্থ ব্যবহার করেন। আর মামুন তাঁর গোল্ডেন ভিসা কার্ডের মাধ্যমে ৭৯ হাজার ৫০২ ডলার ব্যবহার করেন।দুদকের অভিযোগপত্রে বলা হয়, অভিযোগ পাওয়ার পর সিঙ্গাপুরের সিটি ব্যাংক থেকে ডলার ফেরত আনা হয়। সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখায় মামুনের হিসাব নম্বরে এ অর্থ ফেরত আনা হয়। পরে গত বছরের ৩১ জুলাই বাংলাদেশ ব্যাংকে তা জমা করা হয়।গত বছরের ২৬ অক্টোবর সাড়ে তিন পৃষ্ঠার অভিযোগপত্রের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা এ মামলার নম্বর ৮/২৬-১০-০৯। দুদক নিজেই এ মামলা তদন্ত ও পরিচালনা করছে।তারেক রহমান বর্তমানে জামিন নিয়ে লন্ডনে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার মামুন এখনো কারাগারে।