বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় তারেক রহমান ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের (ডিবি) তত্কালীন পরিদর্শক আলীমুজ্জামান সাক্ষ্য দেন। আলীমুজ্জামান বর্তমানে ময়মনসিংহের ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করছেন।আজ পর্যন্ত এ নিয়ে চারজন সাক্ষ্য দিলেন।আজ আসামি গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাক্ষীকে জেরা করেন। তবে জেরা শেষ না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন ১৯ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেন।২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থপাচারের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে নির্মাণ কোম্পানির কাছ থেকে গিয়াসউদ্দিন মামুন ঘুষ নেন। ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত বিভিন্ন সময়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা গ্রহণ করে পরে তা বিদেশে পাচার করেন। গত বছরের ২ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামিন নিয়ে চিকিত্সার জন্য যুক্তরাজ্য যান। এখনো তিনি সেখানেই অবস্থান করছেন। গত বছরের ৮ আগস্ট তারেক রহমানকে পলাতক দেখিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।