তারেক মাসুদকে উৎসর্গীকৃত উৎসব
গত ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো দক্ষিণ এশীয় প্রামাণ্য চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবটি উৎসর্গ করা হয় গত ১৩ আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদের স্মৃতির উদ্দেশ্যে। অকাল প্রয়াত এই নির্মাতার সহযোগী ও সহধর্মিণী ক্যাথরিন মাসুদ উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি উদ্বোধনী বক্তব্যও উপস্থাপন করেন। এবারের উৎসবে ‘তারেক মাসুদ ডেব্যু ফিল্ম অ্যাওয়ার্ড’ নামে একটি নতুন পুরস্কার চালু করা হয়। এ ছাড়া উৎসবের আলোচনার অংশটুকু ‘তারেক মাসুদ মেমোরিয়াল ডায়লগ’ হিসেবে ঘোষিত হয়। যেখানে অংশ নেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতিমান চলচ্চিত্রকাররা। ক্যাথরিন মাসুদ তাঁর উদ্বোধনী বক্তব্যে তারেক মাসুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তারেক মাসুদ ছিলেন একজন যথার্থ স্বাপ্নিক। যদি এখনো তাঁর কিছু বেঁচে থাকে, সে হচ্ছে তাঁর স্বপ্নগুলো।’ তিনি চলচ্চিত্রকার হিসেবে সমাজের প্রতি তারেক মাসুদের ভূমিকার কথা স্মরণ করেন, দর্শকের প্রতি তাঁর শ্রদ্ধা ও দায়বদ্ধতার কথা বলেন। উৎসবের পরিচালক কনক দীক্ষিত তাঁর বক্তব্যে জানান এই উৎসবের সঙ্গে তারেক মাসুদের সম্পৃক্ততার কথা। ১৯৯৭ সালে উৎসবের প্রথম বছরেই সেখানে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত মুক্তির গান-এর প্রদর্শন ও পুরস্কারপ্রাপ্তির কথা স্মরণ করেন। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘তারেক মাসুদ মেমোরিয়াল ডায়লগে’ আরও বক্তব্য দেন ভারতীয় চিত্রগ্রাহক ও জুরি বোর্ডের সভাপতি সতীশ শর্মা, বাংলাদেশি প্রামাণ্যচিত্রনির্মাতা ইয়াসমীন কবির এবং ভারতীয় নির্মাতা নূপুর বসু। উৎসবের সমাপনী অংশে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উৎসবের প্রধান অতিথি ক্যাথরিন মাসুদ। এবারের উৎসবে ‘তারেক মাসুদ ডেব্যু ফিল্ম অ্যাওয়ার্ড’ পান নেপালের নির্মাতা দীপেন্দ্র ভান্ডারি তাঁর জার্নি টু ইয়াসরা প্রামাণ্যচিত্রের জন্য। উৎসবের সেরা ছবি হিসেবে রাম বাহাদুর ট্রফি অর্জন করে ভারতীয় চলচ্চিত্রনির্মাতা আনন্দ পাটবর্ধনের জয় ভীম কমরেড ছবিটি। এই ছবিটির নির্মাতা উৎসবে যোগ দেওয়ার আগেই তারেক মাসুদকে উৎসর্গ করেন।