তারেক মাসুদের মৃত্যুতে কলকাতায় শোকের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রকার তারেক মাসুদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলকাতার ছবিপাড়ায়। আজ দুপুরে তাঁর মৃত্যুর সংবাদ কলকাতায় পৌঁছালে টালিগঞ্জের কলাকুশলীদের মধ্যে শোক ছড়িয়ে পড়ে। শোকস্তব্ধ হয়ে পড়েন তাঁরা।প্রখ্যাত চিত্রপরিচালক মৃণাল সেন বলেছেন, এ খবর তো বিনা মেঘে বজ্রপাতের সমতুল্য। ভাবতেই পারছি না তারেক আমাদের মাঝে নেই। বাংলাদেশের সবচেয়ে বড় চিত্রপরিচালক তিনি। আমি তারেকের মাটির ময়না দেখে মুগ্ধ হয়েছি। বাহবা দিয়েছি। বলেছি দারুণ ছবি বানিয়েছ। আরেক প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার বলেছেন, শুটিংয়ের সময়ই শুনলাম তারেক নেই। ভাবতেই পারছি না তারেক আমাদের মাঝ থেকে চলে গেছেন। বিরাট মাপের পরিচালক ছিলেন তিনি। আগরতলায় চলচ্চিত্র উৎসবে একসঙ্গে দেখেছিলাম মাটির ময়না। দারুণ ছবি। পরিচালক রাজা মিত্র বলেছেন, তারেক মাসুদের মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছি না। তিনি চলচ্চিত্রে একটি নতুন ধারা এনেছিলেন।পরিচালক প্রভাত রায় দারুণ মর্মাহত তারেক মাসুদের মৃত্যুতে। তিনি বলেন, ‘তারেক মানুষ হিসেবে ছিলেন দারুণ। ছবিও করতেন চমৎকার।’কলকাতার চলচ্চিত্র ক্লাব সিনে সেন্ট্রালের যুগ্ম সম্পাদক সজল দত্তও গভীর শোক প্রকাশ করে বলেছেন, আমরাও ভাবতে পারছি না তারেক মাসুদ নেই। এই তারেক মাসুদের মাটির ময়না এবং অন্তর্যাত্রা ছবি কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখিয়েছিল সিনে সেন্ট্রাল।কলকাতার চলচ্চিত্র অঙ্গনের প্রায় সবার মুখেই আজ ঘুরে ফিরেছে তারেক মাসুদের মৃত্যুর কথা। কেউই মেনে নিতে পারছেন না এই চলচ্চিত্রকারের হঠাৎ চলে যাওয়া।