তারেক মিশুকের অভাব অপূরণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলশেগুঁড়ি বৃষ্টি হচ্ছিল থেকে থেকে। সঙ্গে ভেজা হাওয়ার ঝাপটা। এক বছর আগের সেই দিনটিও ছিল বৃষ্টিমুখর। গতকাল রোববার মধ্যাহ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলসংলগ্ন সড়কদ্বীপে ব্যথাভরা মন নিয়ে এসেছেন কিছু মানুষ। একটি ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তাঁরা স্মরণ করছিলেন এক বছর আগের সেই দিনটির কথা। যেদিন হঠাৎ করে দুঃসংবাদ পেয়েছিলেন, তারেক মাসুদ আর মিশুক মুনীর আর নেই।দেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক-সাংবাদিক মিশুক মুনীরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৩ আগস্ট। তাঁদের স্মরণ করতেই গতকাল থেকে দুই দিনের কর্মসূচি নিয়েছে তারেক-মিশুক স্মৃতি পর্ষদ। এর অংশ হিসেবে গতকাল দুপুরে ‘তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মৃতি ভাস্কর্য’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উপস্থিত ছিলেন তাকের মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী, ছেলে নাঈম সিবাস্টিয়ান মুনীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, শিল্পী ঢালী আল মামুন, দিলারা বেগম জলি এবং তাঁদের সুহূদেরা।এখানে শিল্পী ঢালী আল মামুন তারেক-মিশুকের ভাস্কর্যের পাশাপাশি তাঁদের বহনকারী দুর্ঘটনাকবলিত গাড়িটি ব্যবহার করে একটি স্থাপনাশিল্প রচনা করবেন। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আগেই কাজ শেষ হবে। উপাচার্য বলেন ‘তাঁদের আমরা আর ফিরে পাব না। দেশকে আরও অনেক কিছুই তাঁদের দেবার ছিল। এ ধরনের সড়ক দুর্ঘটনা সমাজকে কত পিছিয়ে দেয়, তা তুলে ধরতেই এখানে ভাস্কর্যটি স্থাপন করা হচ্ছে। যাতে মানুষ সচেতন হতে পারেন।’তারেক মাসুদ ‘কাগজের ফুল’ নামের একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন। ১৯৪৬ সালের দাঙ্গা, ’৪৭-এর দেশভাগ, ’৫২-এর ভাষা আন্দোলন ও ’৬৬-এর বঙ্গবন্ধুর ছয় দফা দাবির প্রেক্ষাপট নিয়ে সেই ছবির চিত্রগ্রহণের স্থান নির্বাচন করতে গিয়েছিলেন তাঁরা মানিকগঞ্জে। গত বছরের ১৩ আগস্ট মানিকগঞ্জ থেকে ফেরার পথে জোকা গ্রামের একটি মোড়ে তাঁদের মাইক্রোবাসটিকে মুখোমুখি ধাক্কা দেয় চুয়াডাঙ্গাগামী একটি বাস। ঘটনাস্থলেই তারেক মাসুদ, মিশুক মুনীর তাঁদের সহকারী মোতাহার হোসেন ওয়াসিম, মুস্তাফিজুর রহমান এবং জামাল হোসেন নিহত হন। গুরুতর আহত হন শিল্পী ঢালী আল মামুন। আহত হন দিলারা বেগম জলি ও ক্যাথরিন মাসুদ।অকালপ্রয়াত তারেক-মিশুকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনের অনুষ্ঠান শুরু হয়েছিল কাল সকালে বনানীতে মিশুক মুনীরের কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। বেলা ১১টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছিল চলচ্চিত্র রানওয়ে এবং মিশুকের আলোকচিত্র প্রদর্শনী। বেলা আড়াইটায় ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বেলা সাড়ে তিনটায় এই মিলনায়তনেই শুরু হয় স্মরণসভা। লেখক সৈয়দ শামসুল হক আলোচনার সূত্রপাত করে বলেন, দেশ থেকে যখন মুক্তিযুদ্ধের প্রসঙ্গকে কৌশলে আড়াল করা হচ্ছিল, তখন তারেকের মুক্তির গান চলচ্চিত্রটি তরুণ প্রজন্মের মনে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করেছিল। মিশুক মুনীর তাঁর মেধা ও প্রতিভায় নিজের জায়গা করে নিয়েছিলেন। চিত্রগ্রহণে এবং ইলেকট্রনিক মিডিয়াতে সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ ধারার সৃষ্টি করেছিলেন তিনি।তানভীর মোকাম্মেল বলেন, ‘তাঁদের মতো মেধাবী ও সৃজনশীল মানুষ কেবল আমাদের দেশেই নয়, যেকোনো দেশেরই সম্পদ। এই যুগলের অভাব অপূরণীয়।’নাসির উদ্দীন ইউসুফ বলেন,‘তাঁদের চলে যাওয়ার বেদনাকে ধারণ করে তাঁদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতাকে আমরা এমন করে উদ্যাপন করতে পারি, যা পরের প্রজন্মকেও সৃজনশীল কাজে অনুপ্রাণিত করবে।শিল্পী মৌসুমী ভৌমিক দুটি গান গেয়ে শোনান। তাঁর এই শোকসংগীত ছিল ‘এখন তো জানা হয়ে গেছে কারা থাকে, কারা আছে কাছে’ এবং ‘মাঝি বলে ডাকব কাকে হায়/ নদীর কাছে এসে দেখি জলের রেখাই নাই’।মঞ্জুলী কাজী স্মৃতিচারণা করে বলেন, ‘দেশকে কিছু দিতেই কানাডা থেকে ফিরে এসেছিল মিশুক। মিশুক ও তারেক ছিল ফুলের কলির মতো। যখন তারা ফুটে উঠছিল তখনই তাদের হত্যা করা হলো। মিশুকের ছেলে নাঈম সিবাস্টিয়ান মুনীরও স্মৃতিচারণা করে বক্তব্য দেন।ক্যাথরিন মাসুদ বললেন, ‘এক বছর ধরে মনে হয় যেন আমি এক দুঃস্বপ্নের মধ্যে আছি। তারেক জাতিকে, দেশকে সামনে রেখে কাজ করত। তাঁর অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার তাগিদই আমাকে ভেঙে পড়া থেকে রক্ষা করেছে।’আলোচনায় আরও অংশ নেন খুশী কবির, হামিদা হোসেন, ঢালী আল মামুন, জাহাঙ্গীর হোসেন, জুনায়েদ হালিম, কামার আহমেদ ও মোস্তফা সরয়ার ফারুকী।পরে প্রসুন রহমান নির্মিত তারেক মাসুদের ওপর প্রামাণ্যচিত্র ফেরা প্রদর্শিত হয়। আজকের কর্মসূচি: আজ দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে ঢাকা থেকে সকালে তারেক মাসুদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা যাত্রা। বেলা ১১টায় মানিকগঞ্জের জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যাত্রাবিরতি ও সমাবেশ। যখন সেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল জোকা মোড়ে, সেখানে ১২টা ২৫ মিনিটে নিহত ব্যক্তিদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন। বিকেল পাঁচটায় ভাঙ্গায় তারেক মাসুদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং সন্ধ্যায় মিলাদ, দোয়া মাহফিল ও ইফতার।