তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: আইন প্রতিমন্ত্রী
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘তারেক রহমান আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন। তাঁকে দেশে আসতে কেউ বাধা দেয়নি বা তাঁর জামিন বাতিলেরও কেউ আবেদন করেনি।’আজ মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম এ কথা বলেন।আইন প্রতিমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান উচ্চ আদালত থেকে জামিন নেন। আইনের ৫৪৭ ধারা অনুযায়ী কেউ অসুস্থতা বা অন্য কোনো কারণে সশরীরে হাজির হওয়া থেকে অব্যাহতি নিয়ে, আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারেন। তারেক রহমানের আবেদনের ভিত্তিতে আদালত তা মঞ্জুর করেছেন। সেই থেকে তারেক রহমান বিদেশে আছেন। তবে এ অবস্থা অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। কেউ বিদেশ গিয়ে আরাম-আয়েশ করবেন আর আইনজীবীর মাধ্যমে হাজিরা দেবেন, তা দীর্ঘদিন চলতে পারে না।তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নেবে কি না—এ প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, ‘এটা আদালতের ব্যাপার। আদালত ইচ্ছা করলে যে কোনো সময় জামিন বাতিল করতে পারেন।’২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্তে যদি তারেক রহমানের নাম আসে, সে ক্ষেত্রে সরকার কী করবে—এ প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। সে যত বড় নেতাই হোক না কেন, ছাড় দেওয়া হবে না।