তারেক রহমানের পুনর্বিবেচনার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার মামলার বিষয়ে আপিল বিভাগের দেওয়া আদেশ পুনর্বিবেচনা চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।আদেশের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আনিসুল হক প্রথম আলোকে বলেন, পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় অর্থ পাচার প্রতিরোধ আইনে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রমে আপাতত কোনো প্রতিবন্ধকতা নেই। পুনর্বিবেচনার আবেদন খারিজ করায় ইতিপূর্বে আপিল বিভাগের দেওয়া আদেশ বহাল রইল। ফলে ২০০২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইন অনুসারে তারেকের বিরুদ্ধে যে অভিযোগ, তা অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থ পাচার প্রতিরোধ আইন ২০০৯-এর পদ্ধতি অনুসারে বিচার কার্যক্রম চলবে।তারেকের বিরুদ্ধে অর্থ পাচার মামলা চলবে কি না, এ প্রশ্নের জবাবে তাঁর আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর বিষয়টি আমরা বুঝতে পারব।’জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি অর্থ পাচার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারেক রহমানের করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) নিষ্পত্তি করেন আপিল বিভাগ। ওই আদেশ পুনর্বিবেচনা চেয়ে ৩০ এপ্রিল তারেকের পক্ষে আবেদন করা হয়।২০০৯ সালের ২৬ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম বাদী হয়ে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলাটি করেন। গত বছরের ৬ জুলাই এ মামলায় তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বর্তমানে নিম্ন আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির অপেক্ষায় রয়েছে। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেকের করা রিট গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টে খারিজ হয়। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছিল।