তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র মিথ্যা ও ষড়যন্ত্রমূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগপত্র প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট। আজ মঙ্গলবার দুপুরে সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ব্যতিরেকে সংসদে বিল পাস করা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমানকে সম্পৃক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বর্তমান প্রধানমন্ত্রী দেশের ও জনগণের মঙ্গলের কথা না বলে জিয়া পরিবারকে কীভাবে ধ্বংস করা যায় তা নিয়ে ব্যস্ত। মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাজা দিয়ে কোকোকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। প্রশাসন ও বিচারব্যবস্থাকে দলীয় ও ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করা হচ্ছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিজেদের ইচ্ছামতো তদন্ত সংস্থা গঠন ও তাদের প্রভাবিত করা হয়েছে। তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সে জন্য তাঁকে জড়িয়ে এ মামলায় একটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সরকার বিচারব্যবস্থাকে তাদের ইচ্ছামতো ব্যবহার করতে চাচ্ছে এবং মনগড়া তদন্ত প্রতিবেদনের মাধ্যমে একতরফাভাবে তারেক রহমানসহ নির্দোষ ব্যক্তিদের সাজা দেওয়ার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি জয়নুল আবেদীন। লিখিত বক্তব্যে আরও বলা হয়, দলীয়করণের মাধ্যমে বিচারব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা চলছে এবং প্রশাসনকে দলীয়ভাবে ব্যবহার করা হচ্ছে। সরকারের এ ধরনের কর্মকাণ্ড দেশ, জনগণ ও গণতন্ত্রের পরিপন্থী। ‘একরতফাভাবে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে। তাই আমরা এই অগণতান্ত্রিক সরকারের অসাংবিধানিক উপায়ে সংবিধানের সংশোধনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করায় তীব্র প্রতিবাদ জানানো হয়।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিয়া, ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এম বদরুদ্দোজা, সহসাধারণ সম্পাদক কাজী জয়নাল আবেদীনসহ প্রমুখ।