তারেক রহমানের মামলায় সরকার আদালতকে প্রভাবিত করছে না: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, চাঁদাবাজির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মামলায় বর্তমান সরকার আদালতকে কোনো অবস্থাতেই প্রভাবিত করছে না। তারেক রহমানের বিরুদ্ধে নিম্ন আদালত যথার্থই গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দিয়েছিল। এ মামলাটিতে হাইকোর্টের স্থগিতাদেশ আছে। গ্রেপ্তারের আদেশ জারির এক দিন পর তারেক রহমানের আইনজীবীরা স্থগিতাদেশের কাগজ আদালতে দাখিল করার পর আদালত সে আদেশ প্রত্যাহার করেন। আজ বুধবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।আইন প্রতিমন্ত্রী বলেন, নিম্ন আদালতের আদেশের সময় নথিতে হাইকোর্টের স্থগিতাদেশের কোনো কাগজপত্র ছিল না। তাদের আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন না। তাঁরা উচ্চ আদালতের কোনো কাগজপত্র সেখানে উপস্থাপন করেননি। ফলে আদালত যথার্থই আদেশ দিয়েছিলেন। গ্রেপ্তারি পরোয়ানার পর তাঁদের টনক নড়ে। পরে তাঁরা দরখাস্ত দিয়ে হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়টি আদালতকে অবহিত করেন। এ পরিপ্রেক্ষিতে আদালত নিজস্ব নিয়মেই আদেশ দিয়েছেন। তারেক রহমানের আইনজীবীদের আদালতের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকলে সময়মতোই তাঁরা হাইকোর্টের আদেশ আদালতে উপস্থাপন করতেন।আইন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো অবস্থাতেই আদালতকে প্রভাবিত করছে না। অতীতে বিএনপি সরকার আদালত এবং মামলার তদন্ত কাজ বিভিন্নভাবে প্রভাবিত করেছে। বর্তমান সরকার এসব ক্ষেত্রে কোনো প্রভাব রাখছে না। প্যারোলে মুক্তি দেওয়ার পরও তারেক রহমানের বিরুদ্ধে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্যারোলে মুক্তির বিষয় এ মামলার নথিতে নেই। তারেক রহমান যখন প্যারোলে মুক্তি পান, তখন এ মামলা স্থগিত ছিল। পরে স্থগিতাদেশ বৃদ্ধি করা হয়েছে। সেটা তারেক রহমানের আইনজীবীরা আদালতকে অবহিত করেননি। গ্রেপ্তারি পরোয়ানার পর তাঁরা আদালতকে অবহিত করেছেন।যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়া এবং বিভিন্ন চাপ কীভাবে মোকাবিলা করবেন—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জনমত যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেই যুদ্ধাপরাধীদের বিচারের বিষয় উল্লেখ ছিল। জনগণ এই বিচারের পক্ষে রায় দিয়েছে। নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে সরকার অনড়। বিচার প্রতিহত করতে যত বাধাবিপত্তি ও ঐক্যই তৈরি হোক না কেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণের ঐক্যের কাছে তারা পরাজিত হতে বাধ্য। তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্তকারী সংস্থা গঠন করা হবে। তারা বিভিন্নভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত করবে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিচারের কাজ শুরু হবে। যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের সময়েই শুরু ও শেষ হবে বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।