তারেক রহমানের রিটের শুনানি শেষ, আগামীকাল রায় ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে করা মামলার বৈধতা প্রশ্নে রুলের ওপর শুনানি গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল বুধবার এ বিষয়ে রায় দেওয়া হবে।পাঁচ কার্যদিবস শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন। জানা গেছে, ২০০৯ সালের ১৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক রহমান এবং তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুর পাচারের অভিযোগে সেনানিবাস থানায় মামলা করে। গত ৫ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলা ও মুদ্রা পাচার আইনের বৈধতা চ্যালেঞ্জ করে আগস্টের প্রথম সপ্তাহে হাইকোর্টে তারেক রহমানের পক্ষে রিট করা হয়। এ পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট আদালত রুল জারি করেন। এ রুলের ওপর আজ শুনানি শেষ হয়।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে আনিসুল হক ও খুরশীদ আলম; তারেক রহমানের পক্ষে রফিক-উল হক, মাহবুব উদ্দিন খোকন ও আহসানুল করিম শুনানিতে অংশ নেন। খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, মুদ্রা পাচার আইন ও মামলা চ্যালেঞ্জ করে তারেক রহমানের করা রিটের ওপর আগামীকাল রায় দেওয়া হবে।