বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘তারেক রাজনীতি থেকে দূরে আছে। দলের নেতা-কর্মীদের মধ্যে কে কী করছে, সেগুলো সম্পর্কে সে ততটা অবহিত নয়।’জুলাইয়ের শেষে ও আগস্টের শুরুতে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাদের সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে চার দিন রুদ্ধদ্বার বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠকে তিনি ছাত্রদলের নেতাদের এ কথা বলেছেন। বৈঠকে উপস্থিত একাধিক ছাত্রনেতা প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।তারেক রহমান খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। নানা কারণে আলোচিত-বিতর্কিত তারেক রহমান চাঁদাবাজি ও অর্থ পাচারের মামলায় জামিন নিয়ে লন্ডনে অবস্থান করছেন।বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাই চান না, তারেক রহমান রাজনীতিতে আবার সক্রিয় হোন। বিশেষ করে, কিছু জ্যেষ্ঠ নেতার মধ্যে এই প্রবণতা বেশি। তা ছাড়া কিছু রাষ্ট্রের কূটনীতিকদের মধ্যেও তারেকের ব্যাপারে নেতিবাচক মনোভাব আছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা মনে করছেন, খালেদা জিয়া এই বক্তব্যের মাধ্যমে বিএনপির রাজনীতিতে তারেকের ব্যাপারে একটি সুস্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। তবে বিএনপির মধ্যে একটি অংশ চায়, তারেক এখনই রাজনীতিতে ফিরে আসুন।সূত্র জানায়, খালেদা জিয়া বলেছেন, কমিটিতে কে কোন পদে থাকবেন, তা তিনিই নির্ধারণ করবেন। তারেক এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না। তবে প্রয়োজন হলে তিনি তারেকের সঙ্গে আলোচনা করবেন। তিনি ছাত্রনেতাদের বলেন, কমিটিতে পদ পেতে ‘ভাইদের’ পেছনে ছোটার দরকার নেই। সবকিছু বিবেচনা করে তিনি ছাত্রদলের কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।ছাত্রদলের কমিটি গঠনের ব্যাপারে তারেক রহমান বরাবরই প্রধান ভূমিকা রাখেন। ছাত্রদলের নেতারা তারেক রহমান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘তারেক দেশের বাইরে আছে। সে এখনো অসুস্থ। রাজনীতি থেকেও দূরে।’ ছাত্রদলের নতুন কমিটি গঠনে তারেক রহমান কোনো ভূমিকা রাখবেন না উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘ও বলেছে, দেশে কে কোন ধরনের কাজ করছে, সে সম্পর্কে তার তেমন জানা নেই। ছাত্রদলের কমিটি গঠনের ব্যাপারে তার কোনো সিদ্ধান্ত নেতা-কর্মীদের মনঃকষ্টের কারণ হতে পারে।’সাবেক ছাত্রনেতাদের দুষলেন খালেদা: ছাত্রদলের নেতাদের সঙ্গে খালেদার বৈঠক শেষ হওয়ার পরদিন ছাত্রদলের কয়েকজন সাবেক নেতা বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তাঁদের মধ্যে ছিলেন ফজলুল হক, খায়রুল কবির, শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ।ছাত্রদলের বর্তমান নিষ্ক্রিয় অবস্থার জন্য খালেদা জিয়া সাবেক এই ছাত্রনেতাদের দোষারোপ করেন। ছাত্রদলের নতুন কমিটি কেমন হবে, তা তিনিই ঠিক করবেন বলে জানিয়ে দেন।