তারেক স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক
রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তারেক রহমান শুধু বিএনপির সহসভাপতি নন, তারেক রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক।’মির্জা ফখরুলের দাবি, তারেক রহমান তৃণমূল থেকে সৃজনশীল রাজনীতি শুরু করেছিলেন এবং রাজনীতিকে নতুন রূপ দিতে চেয়েছিলেন। এ কারণে তাঁকে রাজনীতি থেকে দূরে রাখতে তাঁর বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আজ রোববার ছাত্রদল আয়োজিত এক শোভাযাত্রা উদ্বোধনকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্মদিন উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে ২০ নভেম্বর তারেকের জন্মদিন উপলক্ষে ছাত্রদলের সাত দিনের কর্মসূচি শুরু হলো। অন্যদের মধ্যে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূইয়া, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী বক্তব্য দেন। এ ছাড়া ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা কর্মসূচিতে অংশ নেন।বিকেল চারটার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে ছাত্রদল। ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, রং-বেরঙের বেলুন আর তারেক রহমানের ছবি-সংবলিত পোস্টার নিয়ে সংগঠনের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজার মোড়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।ছাত্রদলের এই কর্মসূচির কারণে বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফকিরাপুল থেকে মগবাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে চাপ পড়ে আশপাশের এলাকার রাস্তায়। মগবাজার, রামপুরা, মহাখালী, পল্টন ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে নগরবাসীকে কর্মক্ষেত্র থেকে ঘরে ফিরতে গিয়ে বাড়তি ভোগান্তিতে পড়তে হয়।