তারেক হাওয়া ভবনের বরপুত্র: হাছান মাহমুদ
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্টের গ্রেনেড হামলার রূপকার ও হাওয়া ভবনের বরপুত্র । আজ শনিবার দুপুরে চট্টগ্রাম স্টেশনে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের কাছে হাছান মাহমুদ এই মন্তব্য করেন।মন্ত্রী সাংবাদিকদের বলেন, তারেক রহমানকে ভবিষ্যত্ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এই ঘোষণা দিয়ে বিএনপি কার্যত সন্ত্রাস ও দুর্নীতির পক্ষে অবস্থান নিয়েছে। এ ব্যাপারে দেশের প্রত্যেক নাগরিককে সতর্ক থাকারও পরামর্শ দেন মন্ত্রী। আগামী নির্বাচনে ভেবেচিন্তে ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।সাংবাদিকদের সঙ্গে ছাত্রলীগের দুর্ব্যবহার চট্টগ্রাম স্টেশনে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান কাভার করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা আজ দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁরা উপস্থিত সাংবাদিকদের শারীরিকভাবে নাজেহালের চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। পরে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতা পর্বে নগর আওয়ামী লীগের এক নেতার নামে দফায় দফায় স্লোগান দিচ্ছিলেন ছাত্রলীগের একাংশের কর্মী-সমর্থকেরা। এতে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সাংবাদিকদেরও কাজের ব্যাঘাত ঘটছিল। একপর্যায়ে সাংবাদিকেরা ছাত্রলীগের নেতা-কর্মীদের অন্য পাশে গিয়ে স্লোগান দেওয়ার অনুরোধ জানান। এ কারণে ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্রলীগের নেতারা।প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মী-সমর্থকেরা উপস্থিত সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। তাঁরা দুই-একজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। চট্টগ্রাম নগরের বিভিন্ন কলেজ থেকে তাঁরা চট্টগ্রাম স্টেশনে জড়ো হন।ছাত্রলীগের হইচইয়ের মধ্যে হারিয়ে যায় মন্ত্রী-সাংসদদের বক্তৃতা। এই বিশৃঙ্খল পরিবেশ কয়েক মিনিট ধরে চলে। উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম মঞ্চ থেকে নেমে এসে পরিস্থিতি শান্ত করেন। ডেমু ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আজ শনিবার রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনসহ সাংসদ ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।