তারেককে আনতে পরোয়ানা জারির আবেদন মঞ্জুর (ভিডিও)
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থ পাচার মামলায় এ আবেদন জানানো হয়।ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক মোজাম্মেল হক আজ রোববার এ আবেদন মঞ্জুর করেন। এর আগে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন আবেদনটি করেন।আবেদনে বলা হয়, অর্থ পাচার মামলার দুই আসামির মধ্যে গিয়াসউদ্দিন আল মামুন বর্তমানে কারাগারে আছেন। তারেক রহমান শুরু থেকে পলাতক। দুদকের আইনজীবী আদালতকে বলেন, ‘তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থান করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে। দেশে থাকা তারেক রহমানের আত্মীয়স্বজন বিষয়টি অবগত আছেন। ২০১১ সালে তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল জব্দের পরোয়ানা জারি করা হয়। একই বছরের ৮ আগস্ট আদালতে হাজির হতে তাঁর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়। এরপরও আদালতে হাজির হননি তিনি। আইনজীবী মোশাররফ হোসেন আবেদনে বলেন, ‘আমরা জানতাম, তিনি (তারেক) বিদেশে চিকিত্সাধীন। কিন্তু গণমাধ্যমের খবর সূত্রে তাঁর লন্ডনে অবস্থানের বিষয়টি দুদকের নজরে আসে। এ কারণে ইন্টারপোলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।’