তারেককে গয়েশ্বরের পরামর্শ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘তারেক রহমানকে আমরা নিজেদের আখের গোছানোর কাজে ব্যবহার করব না কি তাঁকে ভবিষ্যত্ নেতার আসনে বসাব—এটা বিএনপির নেতাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। তারেক রহমানের উচিত হবে না বিএনপির কোনো বিশেষ নেতা-কর্মীকে আপন ভাবা। আর নেতা-কর্মীদেরও উচিত হবে না তারেক রহমানের আপন হওয়ার চেষ্টা করা। এতে দুই পক্ষেরই অমঙ্গল হতে পারে। আমরা সবাই তাঁর আপনজন, এটা তারেক রহমানকে বুঝতে হবে, বিএনপির নেতা-কর্মীদেরও বুঝতে হবে।’আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কৃষক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর রায় এ কথা বলেন। ৭ মার্চ কারাবন্দী দিবস উপলক্ষে বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও নির্যাতন প্রতিরোধে কৃষক দল এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন কৃষক দলের সাধারণ সম্পাদক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান। এতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।