তারেককে জড়ানোর ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ অভিযোগ করেন। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে আর কোনো হিংসাত্মক কর্মকাণ্ড চালানো হলে তা মেনে নেওয়া হবে না। এসব ষড়যন্ত্র বিএনপি রাজপথে মোকাবেলা করবে।শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করা হতে পারে বলে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে দলটি এ সংবাদ সম্মেলন করে।মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য সরকার তাদের অনুগত কয়েকটি গণমাধ্যমকে ব্যবহার করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘নিজেদের আত্মা বিক্রি করে খারাপ কাজের সঙ্গে যুক্ত হলে জনগণই এর জবাব দেবে।’২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়ার জন্য আজ রোববার আদালতে তারিখ ধার্য রয়েছে। বর্তমান সরকার আমলে এ মামলার অধিকতর তদন্ত শুরু হয়। ইতিমধ্যে এ মামলায় সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সমাজকল্যাণমন্ত্রী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার একান্ত সচিব-১ সাইফুল ইসলাম ওরফে ডিউক, বিএনপির ওয়ার্ড কমিশনার আরিফুর রহমানকে গ্রেপ্তার এবং পলাতক বিএনপির নেতা হারিছ চৌধুরীকে আসামি দেখানো হয়েছে। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে এ মামলায় জিজ্ঞাসাবাদ ও সাংসদ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ব্যাপারে তথ্য চেয়ে কুমিল্লা পুলিশের কাছে বার্তা পাঠানো হয়।গতকালের সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর সরকার তাদের লুকানো এজেন্ডা বাস্তবায়ন করতে মরিয়া হয়ে উঠেছে। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে আজ্ঞাবাহী আদালতে শাস্তি দেওয়া হয়েছে। চেয়ারপারসনকে তাঁর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে।আজকের হরতালে সমর্থন নেই: এদিকে বহুজাতিক কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সমুদ্রবক্ষে তেল-গ্যাস অনুসন্ধানের চুক্তির প্রতিবাদে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে বিএনপির সমর্থন নেই বলে জানিয়েছেন মির্জা ফখরুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, চুক্তিতে কী আছে তা না জেনে হরতালে সমর্থন দেবে না বিএনপি।সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।