তারেককে দেশে এনে আইনে সোপর্দ করা হোক: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি লাগামহীনভাবে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আইনের চোখে পলাতক একজন আসামি কীভাবে দেশের বিরুদ্ধে এ ধরনের মিথ্যাচার করেন? সরকারকে বলব, তাঁকে দেশে এনে আইনের হাতে সোপর্দ করা হোক। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না।’ আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। নাসিম বলেন, কর্নেল তাহের ছিলেন বাংলাদেশের একজন বীর সেনানী। জেনারেল জিয়া প্রহসনের বিচার করে তাঁর ফাঁসি দেন। কর্নেল তাহেরের ন্যায়বিচার করায় আদালতকে ১৪ দল ধন্যবাদ জানিয়েছে। তিনি বলেন, ‘১৪ দল আহ্বান জানিয়েছে, কর্নেল তাহেরের হত্যাকাণ্ডে জীবিত যেসব বিচারক ও সেনা বেঁচে আছেন, তাঁদের প্রয়োজনে কমিশন করে বিচারের আওতায় আনা হোক।’ সংকট নিরসনে সংলাপের বিকল্প নেই উল্লেখ করে আওয়ামী লীগের এই নীতিনির্ধারক বলেন, ‘আমরা এখনো মনে করি যে সংলাপই একমাত্র রাজনৈতিক সংকটের নিরসন করতে পারে। তবে বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার হবে। ১৪ দল মনে করে, এটাই সংকট নিরসনের সর্বোত্তম পথ।’ তিনি বলেন, ‘সন্ত্রাস ও নৈরাজ্য করে কোনো সমস্যার সমাধান হবে না। আগামী ৩ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে। আশা করি, শুধু সদস্যপদ রক্ষার জন্য নয়, তারা সংসদে নির্দলীয় সরকারের রূপরেখা পেশ করবে।’ নাসিম বলেন, ‘বাবুনগরী পুলিশের নিকট স্বীকার করেছেন কীভাবে ১৮-দলীয় জোট অর্থ সহয়তা করে, উসকানি দিয়ে সরকারকে উত্খাত করতে চেয়েছিল। এ জন্যই হেফাজতের কর্মসূচির আগের দিন বিরোধীদলীয় নেত্রী ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। পরে দলীয় নেতা-কর্মীদের মাঠে নামতে বলেছিলেন। কিন্তু তারা কোনো ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে পারেনি।’ঢাকা ছাড়া দেশের কোথাও সভা-সমাবেশের নিষেধাজ্ঞা নেই, উল্লেখ করে নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশে সভা-সমাবেশের অধিকার আছে। ভবিষ্যতেই সেটা থাকবে। তবে ঢাকা শহরে সভা-সমাবেশের জন্য পুলিশের অনুমতি নিতে হবে। যেন সমাবেশের নামে কেউ ভাঙচুর চালাতে না পারে।’ এরপর তিনি আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে নড়াইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও চট্টগ্রামে ১৪ দলের সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘এই সময়ে ১৪ দলের নেতৃবৃন্দ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে সমগ্র দেশে “জনপ্রতিরোধ কমিটি” গঠনের জন্য সফর করবেন।’ এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে ১৪ দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল প্রমুখ।