তারেককে নিয়ে মিথ্যা বক্তব্য দিচ্ছেন বিএনপির নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিরোধী দলকে মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘মিথ্যাচার করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করবেন না। অসত্য কথা বলে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করবেন না। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুন।’ খবর বাসসের। আজ শনিবার দুপুরে গণগ্রন্থাগার মিলনায়তনে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন। স্বাধীনতা ফিজিওথেরাপি চিকিত্সক পরিষদ (স্বাফিচিপ) এই আলোচনা সভার আয়োজন করে।মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপির নেতারা তারেক রহমানকে নিয়ে জনগণের সামনে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।’ তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার, ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা এবং সিঙ্গাপুর ও মার্কিন ফেডারেল কোর্টে দুর্নীতির মামলা রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার (এফবিআই) প্রতিনিধি গিয়ে তারেকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। প্রাথমিকভাবে তিনি দোষী প্রমাণিতও হয়েছেন। বিচারের মুখোমুখি হতে ভয় পান বলেই বিদেশে পালিয়ে রয়েছেন।’সরকার তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না—বিরোধী দলের এমন অভিযোগ নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ‘আমরা তারেক রহমানকে দেশে ফিরতে বাধা দিতে যাব কেন? তিনি নিজেকে আদালতে নির্দোষ প্রমাণ করতে পারবেন না বলেই প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে পালিয়ে আছেন।’অর্থমন্ত্রীর দুঃখ প্রকাশের সঙ্গে সঙ্গে সরকারের পদত্যাগ করা উচিত—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চাওয়ার আগে একবার আপনাদের নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত। পাঁচ বছরের দুঃশাসনে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছিলেন? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের উত্থান, অস্ত্র আমদানি, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। তাই কারও সমালোচনা করার আগে নিজেদের অতীত ইতিহাস দেখুন।’সংগঠনের সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এস এম জাকারিয়া স্বপন, স্বাফিচিপের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান মিলন, সংগঠনের সহসভাপতি আলতাব হোসেন প্রমুখ বক্তব্য দেন।