ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খানের সর্বশেষ অবস্থান সম্পর্কে জাহিদ সিদ্দিকী তারেককে তথ্য দিয়েছেন রিয়াজুলের সহযোগী মারুফ রেজা সাগরের স্ত্রী ফাহিমা ইসলাম। আর এ তথ্যের ভিত্তিতে গুলশান-১ নম্বরে শপার্স ওয়ার্ল্ড নামের ওই বিপণিবিতানের সামনে এসে রিয়াজুলকে পান তারেকরা।ফাহিমাকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার র্যাব কর্মকর্তারা সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এই দাবি করেন। গতকাল ধানমন্ডির বাসা থেকে ফাহিমাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব। র্যাব ফাহিমার বিরুদ্ধে রিয়াজুলকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ এনেছে এবং তাঁর কাছ থেকে রিয়াজুলকে হত্যার কারণ, পরিকল্পনাসহ বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে।গত সোমবার গভীর রাতে গুলশানের ওই বিপণিবিতানে ঢোকার সময় রিয়াজুলকে গুলি করে হত্যা করা হয়। বিপণিবিতানের ক্লোজড সার্কিট ক্যামেরায় এ হত্যার দৃশ্য ধরা পড়ে। ভিডিও ফুটেজ দেখে র্যাব জসীমউদ্দীন রোডের একটি ক্লিনিক থেকে যুবলীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকসহ ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অবস্থায় গত বুধবার রাতে ‘ক্রসফায়ারে’ নিহত হন তারেকসহ আরেকজন। রিয়াজুল হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে র্যাব। রিয়াজুলের পরিবার, কয়েকজন রাজনৈতিক নেতা ও র্যাবের বক্তব্য অনুযায়ী, ওই দিন সাগরের গাড়িতে চড়ে গুলশানে গিয়েছিলেন রিয়াজুল। সাগর রিয়াজুলকে চাচা বলে ডাকতেন। দীর্ঘদিন ধরে রিয়াজুলের সঙ্গে চলাফেরা করতেন তিনি।গতকাল দুপুর দেড়টার দিকে সংবাদ ব্রিফিংয়ে র্যাব-১-এর অধিনায়ক ও মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা কিসমত হায়াৎ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিমা জানিয়েছেন, তিন বছর ধরে রিয়াজুল সাগরকে নিয়ন্ত্রণ করতেন। এ কারণে রিয়াজুলের ওপর সাগরের স্ত্রী ফাহিমার তীব্র ক্ষোভ জন্মে। এক বছর আগে তারেকের সঙ্গে তাঁর সম্পর্ক হয়। আধিপত্য বিস্তার, ঠিকাদারি নিয়ন্ত্রণসহ বিভিন্ন কারণে রিয়াজুল ও তারেকের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। প্রায় এক মাস আগে রিয়াজুলকে হত্যার পরিকল্পনা করেন তারেক। তখন থেকে সাগরের কাছ থেকে রিয়াজুলের ব্যাপারে তথ্য দিয়ে তা তারেককে জানাতেন তিনি। গত সোমবার রাতেও একইভাবে রিয়াজুলের অবস্থান সম্পর্কে তারেককে অবহিত করা হয়েছিল।কিসমত হায়াৎ দাবি করেন, ফাহিমা তাঁদের আরও জানিয়েছেন, গোলাম আযমের রায় যেদিন দেওয়া হয়েছিল, সেই দিনই রিয়াজুলকে হত্যার পরিকল্পনা করেন তারেক। রিয়াজুলের অবস্থান সম্পর্কে জানাতে তাঁকে (ফাহিমা) অনুরোধও করেন তিনি।কিসমত হায়াৎ বলেন, তারেকের সঙ্গে স্ত্রীর সম্পর্ক, তথ্য জানানো, রিয়াজুলের ওপর ক্ষোভ প্রভৃতি কোনোকিছুই আঁচ করতে পারেননি সাগর। প্রথম দিকে হত্যায় জড়িত হিসেবে সাগরকেই সন্দেহ করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত তাঁর কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তথ্যের প্রয়োজন পড়লেই তাঁকে ডাকা হচ্ছে। সংবাদ ব্রিফিংয়ের সময় ফাহিমা রিয়াজুলের ওপর ক্ষোভ ও তারেককে তথ্য জানানোর কথা জানান। তিনি বলেন, ‘গত সোমবার রিয়াজ কাকার গুলশানে যাওয়ার কথা জানতে পেরে তারেককে ফোন করি। দুইবার ফোন করে তাঁদের অবস্থানের কথা জানাই। প্রথমে তাঁরা ছিলেন ভাসাবি শপিং মলে। পরে তাঁরা যান শপার্স ওয়ার্ল্ডে। আমি তারেককে তা ফোন করে জানাই।’ফাহিমার দাবি, তারেক যুবলীগ ও ছাত্রলীগের আরও দুই নেতাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। তারেক দাবি করতেন, র্যাব-পুলিশে অনেকের সঙ্গে তাঁর পরিচয় আছে। এ কারণে ‘ক্রসফায়ারে’ তারেক নিহত হওয়ার খবর টেলিভিশনে দেখেও প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি। তাই সত্যতা যাচাইয়ের জন্য তারেকের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠান তিনি। সূত্র জানায়, ওই সময় তারেকের মুঠোফোনটি ছিল এক র্যাব কর্মকর্তার হাতে। ওই খুদে বার্তার সূত্রেই ফাহিমাকে আটক করা হয়।‘তারেকের মৃত্যুতে মামলার কোনো ক্ষতি হবে কি না’—ব্রিফিংয়ের পর প্রশ্ন করলে কিসমত হায়াৎ বলেন, ‘না, কোনো ক্ষতি হবে না।’ তিনি বলেন, মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে তাঁরা স্বাধীনভাবেই কাজ করছেন।