তারেককে যারা নির্যাতন করেছে তাদের বিচার করবে বিএনপি
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারেক রহমান একদিন দেশের নেতৃত্বে আসবেন। তাই আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নির্যাতন করে যারা পঙ্গু বানিয়েছে, তাদের বিচার করবে বিএনপি।আজ রোববার মহানগর নাট্যমঞ্চের সামনে তারেকের কারাবন্দীর চতুর্থ বার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেককে গ্রেপ্তার করা হয়। আলোচনা সভায় বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কিন্তু বক্তব্য দেননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা তারেক রহমানকে নির্যাতন করেছে, তাঁকে হত্যার চেষ্টা করেছে, তাদের বিচার করা হবে। তিনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে দুর্বার আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা হয়েছে, তা ভিত্তিহীন ও ভুয়া। বিগত তত্ত্বাবধায়ক সরকারও মামলাগুলো প্রমাণ করতে পারেনি। বর্তমান সরকারও পারবে না।স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অল্প বয়সে ব্যাপক জনপ্রিয়তাই তারেক রহমানের জন্য কাল হয়েছিল। বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই তারেক রহমানকে গ্রেপ্তার করে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। তিনি বলেন, ‘তারেক রহমানবলয়’ সৃষ্টি করে অনেকেই পদ-পদবি নিয়েছেন। আবার তাঁদের অনেকেই ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়ে তারেক রহমানকে নির্যাতনে সহায়তা করেন। তাই ঘরের লোকদের বিচার করতে হবে আগে।স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের দলের মধ্যে অনেকেই আছেন, যাঁরা ‘মাইনাস টু ফর্মুলা’র সঙ্গে জড়িত ছিলেন। ভবিষ্যতে মাইনাস টু ফর্মুলা এলে তাঁরা চলে যাবেন না, তার নিশ্চয়তা কী?বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।