তারেককে রক্ষা করতেই এ হরতাল: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২১ আগস্টের ঘটনার মূল নায়ক। হাওয়া ভবনে তাঁর সভাপতিত্বেই অন্যান্য আসামিদের নিয়ে বৈঠক হয়। বিএনপি এখন তারেককে রক্ষার জন্য হরতাল ডেকেছে। সৈয়দ আশরাফ বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো গণতান্ত্রিক দল খুনের বিচার বন্ধ করতে হরতাল ডাকতে পারে না। তাই আইনের শাসন চাইলে হরতাল প্রত্যাহার করুন।’ আজ সোমবার ধানমণ্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়ার পর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।সৈয়দ আশরাফ বলেন, চারদলীয় জোট সরকারের সময়ে ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল হাওয়া ভবন, আর এর কর্ণধার ছিলেন তারেক রহমান। সেখানেই শাহ এ এম এস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার হত্যা এবং ২১ আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনা হয়। তাদের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের একত্রে হত্যা করা। আল্লাহর রহমতে শেখ হাসিনা বেঁচে গেলেও আইভি রহমানসহ ২২ জন মারা যান। আবেগতাড়িত হয়ে তিনি বলেন, বিএনপি এ জঘন্য হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা তো করেই নি। বরং ফায়ার ব্রিগেড ডেকে এনে আলামত নষ্ট করেছে। ঘটনার পরপরই পুলিশ আক্রান্তদের কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করেছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে পুরস্কৃত করা হয়েছে। জজ মিয়া নাটক সাজিয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে চেয়েছে।সৈয়দ আশরাফ বলেন, দীর্ঘদিন তদন্তের পর পুলিশ অভিযোগপত্র দিয়েছে। বিচারের এই প্রক্রিয়াকে বিএনপির স্বাগত জানানো উচিত ছিল। বিচারের পক্ষে, আইনের শাসনের পক্ষে তাদের অবস্থান নেওয়া উচিত ছিল। অথচ তারা বিচার প্রক্রিয়াকে বানচাল করতে হরতাল ডেকেছ। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আইন নিজস্ব গতিতে চলবে। হরতাল বা হুমকি দিয়ে বিচার ব্যবস্থা কেউ থামাতে পারবে না। ষড়যন্ত্র আর খুনই হচ্ছে এদের (বিএনপি) ক্ষমতায় আরোহণের পথ। আর আওয়ামী লীগের সম্পদ হচ্ছে জনগণ। সৈয়দ আশরাফ বলেন, পৃথিবীর অন্যান্য দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও সব হত্যার বিচার হয়। কেবল ব্যতিক্রম বাংলাদেশ। এখানে হত্যার বিচার করতে বাধা দেওয়া হয়। ৯৬ সালের আগে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরুই করা যায়নি। এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচারের রায় কার্যকর হয়। সৈয়দ আশরাফ নিহতদের ছবি দেখিয়ে বলেন, বিএনপি কী অস্বীকার করতে পারবে, যে তাদের হত্যা করেনি? এ ঘটনা তাদের পরিকল্পনায় ঘটেনি? তিনি বলেন, এসব হত্যার বিচার না হলে কেউই নিরাপদ নয়। হত্যার রায় কার্যকর না হলে সবাইকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। এমন জঘন্য ঘটনা পুনরাবৃত্তি রোধে বিচার হতে হবে।সাংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাহবুব-উল-আলম হানিফ, নূহ উল-আলম লেনিন, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।