তারেককে হাজিরার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত হত্যা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরীসহ পলাতক ১২ জন আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।গত ৩ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তারেকসহ নতুন ৩০ জনকে এ মামলায় সম্পূরক অভিযোগপত্র দেয়। আদালত ওই দিনই অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর মধ্যে সাবেক তিন তদন্ত কর্মকর্তা ও পুলিশের সাবেক তিন মহাপরিদর্শক আদালতে আত্মসমর্পণ করেন। তারেকসহ বাকি ১২ জন পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি মর্মে বিভিন্ন থানা পুলিশ প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদন গ্রহণ করে আদালত এ আদেশ দেন।প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তত্কালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ ব্যক্তি।