তারেককে ২১ আগস্টের মামলায় জড়ানোর ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
দেশে ফেরায় বাধা দিতে তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে আজ রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুবদল আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।মির্জা ফখরুল বলেন, যখন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা হচ্ছে, ঠিক তখনই ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তাঁকে জড়ানোর ষড়যন্ত্র করছে সরকার। তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন, দল ও দেশের নেতৃত্ব দিতে না পারেন, এটা সেই চেষ্টারই অংশ। ষড়যন্ত্র থেকে দেশকে মুক্ত করতে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের পরও বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, তারেক রহমানের রাজনীতি ছিল দলের তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা। এ কাজে হাত দিয়ে তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলসহ দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হন।যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ বক্তব্য দেন।