তারেকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চাঁদাবাজি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ নির্দেশ দেন।এ মামলায় বাকি পাঁচ আসামি হলেন গিয়াসউদ্দিন আল মামুন, কামরুজ্জামান, মাহবুবুল আলম, ওয়াবদুল খন্দকার ও আজিজুল করিম। অন্য আসামি মানিকুর রহমান আজ আদালতে উপস্থিত ছিলেন।তারেকসহ সাতজনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ২০০৭ সালের ৯ এপ্রিল নির্মাণ প্রতিষ্ঠান আব্দুল মোমিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল বাশার মামলাটি করেন। এ মামলায় ২০০৭ সালের ২৬ এপ্রিল তারেককে গ্রেপ্তার দেখানো হয়। তিনি হাইকোর্ট থেকে একই বছরের ২ ডিসেম্বর জামিন পান। ২০০৮ সালে মামলার কার্যক্রম স্থগিত করেন আদালত। ২০০৯ সালের ২ ডিসেম্বর স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়।জামিনে থাকা অবস্থায় নিম্ন আদালতে গড় হাজির থাকার কারণে তারেকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।প্রসঙ্গত, তারেক বর্তমানে লন্ডনে চিকিত্সাধীন আছেন।