২১ আগস্ট গ্রেনেড হামলা
তারেকসহ পলাতক আসামিদের হাজিরার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত বিস্ফোরক মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পলাতক ১২ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৫ আগস্ট প্রজ্ঞাপন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ নির্দেশ দেন। তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার তত্কালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, লেফটেন্যান্ট কর্নেল (বহিষ্কৃত) সাইফুল ইসলাম জোয়ার্দার, মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন, পুলিশের তত্কালীন উপকমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান ও উপকমিশনার (দক্ষিণ) খান সাঈদ হাসান, জঙ্গি নেতা হাফেজ ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, রাতুল বাবু (সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই) ও পরিবহনের মালিক মো. হানিফ।গত ৩ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তারেকসহ নতুন ৩০ জনের বিরুদ্ধে এ মামলায় সম্পূরক অভিযোগপত্র দেয়। আদালত ওই দিনই সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর মধ্যে সাবেক তিন তদন্ত কর্মকর্তা ও পুলিশের সাবেক তিন মহাপরিদর্শক আদালতে আত্মসমর্পণ করেন। এ মামলায় বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দেওয়া মূল অভিযোগপত্রে ২২ জন ও সম্প্রতি দেওয়া সম্পূরক অভিযোগপত্রে ৩০ জনকে আসামি করা হয়। এ নিয়ে আসামির সংখ্যা ৫২ জন। এর মধ্যে মূল অভিযোগপত্রের আটজন ও সম্পূরক অভিযোগপত্রের ১২ জনসহ মোট ২০ জন আসামি পলাতক। ১৪ জুলাই সম্পূরক অভিযোগপত্রভুক্ত পলাতক ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তত্কালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ ব্যক্তি।