২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা
তারেকসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগপত্র, নিন্দা ও প্রতিবাদ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি।বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী আহম্মেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।আজ রোববার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ আরও কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সংবিধানে অন্তর্ভুক্ত করে জনরোষের সম্মুখীন হওয়ায়, জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে ফেরানোর অপকৌশলের মাধ্যমে জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ওই মামলায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ বিএনপির নেতা-কর্মীদের নামে ওই মামলায় অভিযোগপত্র দেওয়া এক গভীর ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা।মির্জা ফখরুল বলেন, প্রতিহিংসাপরায়ণ আওয়ামী সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমানসহ জিয়া পরিবারকে জাতির সামনে হেয় করার চক্রান্তে মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, অপপ্রচার, কুত্সা, মিথ্যা মামলা ও বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের দুঃশাসনকে আড়াল করা যাবে না, কারণ তাদের দুষ্কর্মের ফলে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।মির্জা আলমগীর সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিজেদের ক্ষমতাকে আজীবন কুক্ষিগত করে রাখার দিবা-স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানসহ বিরোধী দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগপত্র প্রদান প্রত্যাহার করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে। বিজ্ঞপ্তি।