২১ আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পলাতক ১২ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। কাল বুধবার এ মামলার তারিখ ধার্য রয়েছে।পলাতক অপর ১১ জন আসামি হলেন: প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, লেফটেন্যান্ট কর্নেল (বহিষ্কৃত) সাইফুল ইসলাম জোয়ার্দার, মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন, ঢাকা মহানগর পুলিশের ত ৎকালীন উপকমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান ও উপকমিশনার (দক্ষিণ) খান সাঈদ হাসান, জঙ্গি নেতা হাফেজ ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, রাতুল বাবু (সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই) ও পরিবহন ব্যবসায়ী মো. হানিফ।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত ৩ জুলাই তারেকসহ নতুন ৩০ জনের বিরুদ্ধে এ মামলায় সম্পূরক অভিযোগপত্র দেয়। আদালত ওই দিনই সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এঁদের মধ্যে এ মামলার সাবেক তিন তদন্ত কর্মকর্তা ও পুলিশের সাবেক তিন মহাপরিদর্শক আদালতে আত্মসমর্পণ করেন। তারেকসহ অন্য ১২ জন পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি মর্মে বিভিন্ন থানার পুলিশ প্রতিবেদন দাখিল করে। আদালত গতকাল ওই প্রতিবেদন গ্রহণ করে পলাতক ব্যক্তিদের হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন।এ মামলায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেওয়া মূল অভিযোগপত্রে ২২ জন ও পরে সম্পূরক অভিযোগপত্রে ৩০ জনকে আসামি করায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৫২। এর মধ্যে মূল অভিযোগপত্রের আট ও সম্পূরক অভিযোগপত্রের ১২ জন আসামি পলাতক রয়েছেন। সম্পূরক অভিযোগপত্রভুক্ত ওই ১২ জন আসামির বিরুদ্ধে ১৪ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও ত ৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ ব্যক্তি।