তারেকসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত বিশেষ এজলাস ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের ফলে এখন তারেক রহমানের পাশাপাশি বিচারের মুখোমুখি হবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ঢাকার কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফ, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার ও আব্দুর রহিম, মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন, লে. কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দার, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বখশ চৌধুরী, সাবেক ডিসি (পূর্ব) মো. ওবায়দুর রহমান, সাবেক ডিসি (দক্ষিণ) খান সাঈদ হাসান, সাবেক এএসপি আব্দুর রশিদ, সাবেক এএসপি মুন্সী আতিকুর রহমান, বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রমুখ।আদেশ ঘোষণার আগে এই মামলায় লুত্ফুজ্জামান বাবর, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ কারাগারে আটক ৩২ আসামিকে আজ আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি আরিফুল ইসলামও আদালতে হাজির হন।একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তারেকসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং ১১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে সিআইডি এই মামলায় প্রথম অভিযোগপত্র দেয় ২০০৮ সালের ১১ জুন। বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শেষে গত বছরের ৩ জুলাই তারেক রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। বর্তমানে মোট আসামির সংখ্যা ৫২ জন। এর মধ্যে ৩২ জন কারাগারে ও একজন জামিনে আছেন। তারেক রহমানসহ ১৯ জন পলাতক রয়েছেন।২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ কয়েক’শ ব্যক্তি।