বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ জন আসামির বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়েছে।গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন শুনানি শেষে ১৩ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। ওই তারিখে আসামিপক্ষের শুনানি গ্রহণ করা হবে।২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলায় (হত্যা ও বিস্ফোরকদ্রব্য) গতকাল রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান।সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, প্রথম অভিযোগপত্রের ২২ জন এবং গত ৩ জুলাই জমা দেওয়া সম্পূরক অভিযোগপত্রের ৩০ জন আসামির মধ্যে তারেক রহমানসহ ২৫ জন পরস্পর যোগসাজশে এক ও অভিন্ন উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার পরিকল্পনা করেন। হাওয়া ভবনসহ বিভিন্ন স্থানে গোপন বৈঠক ও পরিকল্পনার মাধ্যমে আসামিরা গ্রেনেড হামলা ও হত্যার পরিকল্পনা চূড়ান্ত করেন। তিনি আরও বলেন, মূল আসামিদের বাঁচানোর উদ্দেশ্যে পুলিশের সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরী, সিআইডির সাবেক তিনজন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন, মুন্সী আতিকুর রহমান ও আবদুর রশিদ পরস্পর যোগসাজশে জজ মিয়াসহ তিনজনের কাছ থেকে বলপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করেন। তাঁদের বিরুদ্ধে মামলার আলামত নষ্ট করারও অভিযোগ আনা হয়।পলাতক আসামি রাতুল বাবুর বিরুদ্ধে পৃথক অভিযোগ আনা হয়। রাতুল সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই।সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে জানান, সম্পূরক অভিযোগপত্রভুক্ত ৩০ জন আসামির বিরুদ্ধে গতকাল তিনটি ভাগে অভিযোগ উত্থাপন করা হয়েছে। আর এ মামলায় আবদুস সালাম পিন্টুসহ ২২ জন আসামির বিরুদ্ধে আগেই অভিযোগ গঠন করা হয়েছে।আসামি সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরী, পাকিস্তানি নাগরিক আবদুল মাজিদ ভাট, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউক, হরকাতুল জিহাদের নেতা শেখ আবদুস সালাম, আবদুল হান্নান ওরফে সাব্বির ও হাফেজ ইয়াহিয়া মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন।রাষ্ট্রপক্ষের শুনানিতে সৈয়দ রেজাউর রহমানকে সহযোগিতা করেন মহানগর পিপি আবদুল্লাহ আবু, আবদুস সাত্তার, আবু আবদুল্লাহ ভূঁঞা, আকরাম উদ্দিন প্রমুখ; আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন আবদুর রেজাক খান, টি এম আকবর, মাসুদ আহমেদ তালুকদার, মাহবুব আহম্মেদ প্রমুখ।