২১ আগস্ট বিস্ফোরক দ্রব্য মামলা
তারেকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবেদন
২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত বিস্ফোরক দ্রব্য মামলায় তারেক রহমান, বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পুলিশের তত্কালীন উপকমিশনার (দক্ষিণ) খান সাঈদ হাসান, মুফতি শফিকুর রহমান ও জঙ্গি নেতা হাফেজ ইয়াহিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দাখিল করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত মোহাম্মদ জহুরুল হক এ আদেশ দেন।প্রসঙ্গত, ১৪ জুলাই ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির নেতা তারেক রহমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল জব্দ করার পরোয়ানা জারি করেন আদালত। আসামিদের মধ্যে তারেক রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দাখিল করা হয়েছে।এ মামলায় বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দেওয়া মূল অভিযোগপত্রে ২২ জন ও সম্প্রতি দেওয়া সম্পূরক অভিযোগপত্রে ৩০ জনকে আসামি করা হয়। এ নিয়ে আসামির সংখ্যা ৫২ জন। এর মধ্যে মূল অভিযোগপত্রের আটজন ও সম্পূরক অভিযোগপত্রের ১২ জনসহ মোট ২০ জন আসামি পলাতক। ১৪ জুলাই সম্পূরক অভিযোগপত্রভুক্ত পলাতক ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তত্কালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার জনসভায় এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ ব্যক্তি।