তারেকের অর্থপাচার মামলার শুনানি ফের পিছিয়েছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা বিদেশে অর্থপাচারের মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আবারও পেছানো হয়েছে।আজ বৃহস্পতিবার এ মামলায় চার্জ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তারেকের পক্ষে তাঁর আইনজীবী উচ্চ আদালতের আদেশ দাখিলের জন্য সময় চেয়ে মামলার কার্যক্রম মুলতবির আবেদন করেন। শুনানি শেষে মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এক মাস পেছানোর এ আদেশ দেন।গত বছরের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থপাচারের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেন। দুদক তদন্তে করে গত বছরের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াস আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামুন বর্তমানে কারাগারে আছেন।অভিযোগপত্রে বলা হয়, খালেদা জিয়ার ছেলে হিসেবে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ আদায় করেন। তারেক রহমান নিজেকে আড়াল করতে মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা সিঙ্গাপুরে পাচার করেন।