অর্থ পাচার মামলায় অভিযোগ আমলে নেওয়ার বিরুদ্ধে তারেক রহমানের করা আবেদন উপস্থাপন করা হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিকেলে বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদেশের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, বলেন, মামলা আমলে নেওয়ার বিরুদ্ধে তারেক রহমান হাইকোর্টে একটি আবেদন (রিভিশন) করেছিলেন। আদালত তা উপস্থাপন করা হয়নি বলে খারিজ করে দিয়েছেন। বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই। কেননা, বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলতে কোনো স্থগিতাদেশও ছিলও না।প্রসঙ্গত, দুদক ২০০৯ সালের ২৬ অক্টোবর বিদেশে অর্থ পাচারের অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে। দুদক তদন্ত করে গত বছরের ৬ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।অভিযোগপত্রে বলা হয়, খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ আদায় করেন। তারেক রহমান নিজেকে আড়াল করতে মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা সিঙ্গাপুরে পাচার করেন।