বগুড়া জেলা বিএনপিতে কোন্দল রয়েই গেছে। দলে খালেদা জিয়ার অনুসারী নেতা-কর্মীরা কোণঠাসা। তাঁদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। এক মাস আগে কেন্দ্র থেকে নতুন কমিটি ঘোষণা করার পর থেকে চলছে এই অবস্থা। আংশিক এই কমিটির তিন নেতার সবাই তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত।বিএনপির নেতাদের মধ্যে এখন আলোচনা চলছে, বগুড়ার রাজনীতিতে তারেক রহমানের অনুসারীরা চেয়ারপারসন খালেদা জিয়ার অনুসারীদের থেকে পিছিয়ে পড়েছেন। দ্বন্দ্ব নিরসনের জন্য দ্রুত জেলা কমিটি গঠনের কথা যাঁরাই বলছিলেন, কমিটি ঘোষণার পর তাঁরাই বেশি ক্ষুব্ধ।দলীয় সূত্রে জানা যায়, বিগত চারদলীয় জোট সরকারের শাসনামলে বিএনপি সাংগঠনিকভাবে যেমন শক্তিশালী ছিল, এক-এগারোর পর সেই চেহারা পাল্টে যায়। দলের মধ্যে দেখা দেয় চরম কোন্দল। জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক বগুড়া পৌরসভার বর্তমান মেয়র এ কে এম মাহবুবর রহমান দলের এক অংশের নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে বিরোধ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক সদ্যঘোষিত জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলামের (ভিপি সাইফুল)।গত ৭ এপ্রিল তারেক রহমানের অনুসারী হিসেবে পরিচিত সাইফুল ইসলামকে সভাপতি, জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর শাহে আলমকে সাংগঠনিক সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠন করে কেন্দ্র থেকে ফ্যাক্স বার্তা পাঠানো হয়। গোপন ব্যালটে নেতা নির্বাচন না করে ঢাকা থেকে কমিটি ঘোষণা দেওয়ায় জেলা কমিটির সাবেক নেতাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। প্রকাশ্যে কেউ প্রতিবাদ না করলেও নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা বলেন, বিএনপির ঘাঁটি বগুড়াতেও এভাবে কমিটি ঘোষণা করা হতে পারে, তা কখনো কল্পনাতেও আসেনি। তাঁদের মতে, দলের চেয়ারপারসনকে ভুল বুঝিয়ে কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত কোনো নেতা-কর্মীকে মাঠে পাওয়া যাবে না।খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে লন্ডনে অবস্থানরত তারেক রহমান ১৯৯৯ সালে প্রথম বগুড়ায় গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন-প্রক্রিয়া শুরু করেন। এই প্রক্রিয়া বিএনপিতে ‘বগুড়া মডেল’ হিসেবে ব্যাপক আলোচিত হয়। পরে বগুড়া মডেলের অনুসরণে দেশের অন্য জেলাগুলোতেও বিএনপির নেতৃত্ব নির্বাচনের ধারা চালু হয়। বগুড়ায় সর্বশেষ ২০০৫ সালের ১৬ আগস্ট রাতে গোপন ব্যালটে জেলা নেতৃত্ব নির্বাচন করা হয়। সার্কিট হাউসে তারেক রহমানের উপস্থিতিতে ওই নির্বাচনে রেজাউল করিম বাদশা সভাপতি এবং ভিপি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৯ সালের ২১ জুলাই বগুড়া জেলা বিএনপির কমিটি ভেঙে সাবেক সভাপতি এ কে এম মাহবুবর রহমানকে আহ্বায়ক করে ৭৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও দলীয় কোন্দলের কারণে তা সম্ভব হয়নি। ৭ এপ্রিল কেন্দ্র থেকে ওই কমিটি ঘোষণা করা হয়।জেলা বিএনপির এক প্রবীণ নেতা বলেন, কমিটি করতে হলে বয়সটাও দেখতে হয়। যাঁকে সাধারণ সম্পাদক করা হয়েছে তিনি কয়েকবার সহসভাপতি ছিলেন। তা ছাড়া তিনি নতুন সভাপতির চেয়ে বয়সে অনেক বড়। এই নেতৃত্ব দলকে কিছু দিতে পারবে না। অনেকে মুখ ফিরিয়ে নেবে।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা জানান, জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মাহবুবর রহমান, জেলা কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম, সাবেক সভাপতি আনিসুর রহমান, শিবগঞ্জ এলাকার সাংসদ হাফিজার রহমান, আলোচিত সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার দলে খালেদা জিয়ার অনুসারী হিসেবে পরিচিত। অনেক নেতা-কর্মী ধারণা করেছিলেন, কেন্দ্র থেকে মনোনীত করা হলে ওই নেতাদের কাউকে সভাপতি করা হতে পারে, কিন্তু তা হয়নি।সাবেক সভাপতি এ কে এম মাহবুবর রহমান, সোনাতলা থানা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল তৈয়ব জাকির, গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিলটন, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা নতুন কমিটির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাতে অপারগতা প্রকাশ করেন।তবে জেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান মনে করেন, বিএনপির জন্য তরুণ নেতৃত্ব প্রয়োজন। সাইফুল ইসলামসহ তিনজনকে নির্বাচিত করে সঠিক কাজটি করেছে কেন্দ্র। নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘দলকে শক্তিশালী করতে আমি কাজ করে যাব।’