তারেকের এক বক্তব্যেই সরকারের ভিত নড়ে উঠেছে: শামসুজ্জামান (ভিডিও)
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দাবি করেছেন, তারেক রহমানের এক বক্তব্যেই সরকারের ভিত নড়ে উঠেছে। আজ বুধবার সকালে হরতাল চলাকালে রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। তারেক রহমানের মুক্তির দাবি জানিয়ে শামসুজ্জামান বলেন, তাঁরা প্রত্যাশা করছেন, সরকার তারেক রহমানের দেশে ফেরার পরিস্থিতি তৈরি করবে। তিনি বলেন, যেদিন তারেক রহমান ঢাকায় নামবেন, সেদিন শেখ হাসিনা সরকার বুঝতে পারবেন ‘বাংলাদেশের বীরের সন্তান, গণতন্ত্রের মানসপুত্র তারেক রহমান কত জনপ্রিয়’।শামসুজ্জামান অভিযোগ করেন, ১০ বছর ধরে আওয়ামী লীগ তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। কখনো তাঁকে আইন দিয়ে, কখনো গণমাধ্যম দিয়ে, আবার কখনো তাঁর বিরুদ্ধে প্রচারণায় বুদ্ধিজীবীদের ব্যবহার করা হয়েছে। তবে এসবের ফল শূন্য।প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হয়েছিল। এই মিথ্যা মামলার বিরুদ্ধে ভাসানীর নেতৃত্বে তীব্র প্রতিবাদ গড়ে উঠেছিল। পাকিস্তানি শাসকগোষ্ঠী ওসব মামলা প্রত্যাহারে বাধ্য হয়েছিল। যুগে যুগে দেশপ্রেমিকদের ক্ষেত্রে এ ধরনের বাধা এসেছে বলে তিনি মন্তব্য করেন।হরতাল শেষে সংবাদ সম্মেলনবিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বলেছেন, ঢাকায় সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা তুলে, স্বাভাবিক মুক্ত পরিবেশ সৃষ্টি করলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সরকারের সমালোচনা করা লাগত না। আজ বুধবার ১৮ দলের হরতাল শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শামসুজ্জামান এ কথা বলেন।প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সমালোচনা করতে হলে এসি ঘর থেকে বেরিয়ে আসতে হবে। তিনি (প্রধানমন্ত্রী) একা বাইরে যাওয়ার স্বাধীনতা ভোগ করবেন আর আমাদের ঘরে বন্দি রাখবেন, এটা ঠিক না। তিনি যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য পরামর্শ দিতেন, ঢাকায় স্বাভাবিক মুক্ত পরিবেশ করে দিতে পারতেন তাহলে ঘরে বসে সমালোচনা করা লাগত না। বাইরে উন্মুক্ত পরিবেশ গঠনমূলক সমালোচনা করতে পারতাম।’তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘ঘর বন্ধ করবেন না। বাধ দেবেন না। যেকোন সময় বাধ ভেঙ্গে যেতে পারে।’৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কিছু অনুষ্ঠান আয়োজনে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করে শামসুজ্জামান বলেন, বাধা দেওয়ার অর্থ গণতন্ত্র, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা না জানানো। ‘নিষ্কণ্ঠকভাবে’ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করতে দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।তিনি দাবি করেন, আজকের হরতালে সারাদেশে বিএনপির ১৫৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন ১৯৩ জন, এছাড়া সারাদেশে ২০১ টি মামলা দায়ের করা হয়েছে।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শামসুজ্জামান জানান, তারেক রহমান দেশে এলে দলের ভাইস চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করবেন।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।